হাসপাতাল থেকে শিশু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গতকাল মঙ্গলবার মীম নামের চার মাসের একটি শিশু চুরি হয়েছে।
মীম লক্ষ্মীপুর সদর উপজেলার চরউবুতি গ্রামের নুরুল আমিনের মেয়ে।
শিশুটির মা সামছুন্নাহার জানান, টিকা দেওয়ার জন্য গতকাল মীমকে নিয়ে তিনি হাসপাতালে আসেন। টিকা দেওয়ার পর নিজের চিকিৎসার জন্য বহির্বিভাগ থেকে টিকিট সংগ্রহের জন্য তিনি লাইনে দাঁড়ান। ওই সময় তিনি মীমকে এক নারীর কাছে রেখে যান। বেলা ১১টার দিকে টিকিট সংগ্রহ করে ফিরে এসে তিনি ওই নারী ও মীমকে খুঁজে পাননি। সামছুন্নাহার আরও জানান, ওই নারী তাঁর অপরিচিত। বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতালের চিকিৎসকদের জানানো হয়।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, হাসপাতালের বহির্বিভাগ থেকে শিশুটি চুরি হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশের কয়েকটি দল কাজ করছে।