হাসপাতাল থেকে শিশু চুরির পর উদ্ধার, চোর আটক
হাসপাতালের শয্যায় দুই মাস বয়সী শিশু সন্তানকে রেখে মোবাইলে কথা বলতে বলতে মা হাসপাতালের বাথরুমের দিকে গেলেন। এই ফাঁকে চুরি হয়ে যায় শিশুটি। পরক্ষণেই ওয়ার্ডের গেটে পাহারারত আনসার সদস্যের হাতে ধরা পড়ে শিশুসহ চোরটি। আজ সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
আটক শিশু চোরের নাম শাহানাজ বেগম (৩০)। তাঁর স্বামীর নাম আশরাফ আলী। তাঁরা রাজশাহী নগরের ভাটাপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। তাঁদের আসল বাড়ি পাবনার ঈশ্বরদীতে।
শিশুটির নাম উম্মে হাসফিয়া। বাবার নাম তুহিন আলী। তাদের বাড়ি পুঠিয়া উপজেলার বানেশ্বর মিস্ত্রিপাড়ায়।
শিশুটির মা আইরিন পারভীন বলেন, অসুস্থ বাচ্চাকে কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি করেছেন। রাত আটটার দিকে একজন মহিলা তাঁর বাচ্চার শয্যার পাশে এসে দাঁড়ালেন। তিনি মনে করেছেন তাঁরও বাচ্চা হয়তো হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি ওই মহিলাকে জিজ্ঞেস করেছেন রোগী কোথায়। উত্তরে মহিলাটি বললেন, ‘ওই পার’ (পার্শ্ববর্তী ওয়ার্ডে)। তারপর আইরিনের মোবাইলে একটি কল আসে। তিনি উঠে দাঁড়িয়ে কথা বলতে বলতে বাথরুমের দিকে চলে যান। ফিরে এসে দেখেন শয্যায় বাচ্চা নেই। এরই মধ্যে বাইরে চিৎকার শুনে দৌড়ে যান। ওয়ার্ডের গেটের কাছে গিয়ে দেখেন পাহারারত আনসার সদস্যের কোলে তাঁর বাচ্চা। তারপর ওই মহিলাকে লোকজন পুলিশে ধরিয়ে দেয়।
রাজশাহী নগরের রাজপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, সবেমাত্র মেয়েটিকে ধরে আনা হয়েছে। এখনো সিদ্ধান্ত হয়নি যে মামলা করা হবে কি না। অথবা হলেও কী মামলা দেওয়া হবে।
এর আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া একটি নবজাতকে গত ১ জানুয়ারি হারানোর চার দিন পর উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত হাসপাতালের একজন আয়াসহ চার নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয় সেই সময়। এর আগে কয়েক বছরে এই হাসপাতাল কয়েকটি শিশু চুরি হয়েছে। সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এ বছরের শুরুর দিকে শিশু ওয়ার্ডের গেটে পাহারার ব্যবস্থা করা হয়।