হাসপাতাল থেকে ১ দিনের শিশু চুরি
কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে এক দিন বয়সের এক শিশু চুরি হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে বোরকা পরা এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়।
এদিকে এ ঘটনা তদন্তে তিনি সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সদর হাসপাতাল সূত্র জানায়, নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ইসাহাক আলীর স্ত্রী মমতা বেগম গত বৃহস্পতিবার নিজ বাড়িতে এক ছেলে
সন্তানের জন্ম দেন। মা ও সন্তান দুজনেই অসুস্থ হলে মাকে বাড়িতে রেখে শিশুটি নানা-নানি গতকাল দুপুরে সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করানো হয়। রাত ৮টার দিকে শিশুটির নানা বাছদ্দি বাইরের দোকান থেকে ওষুধ আনতে যান। এ সময় শিশুটিকে হাসপাতালের বিছানায় রেখে নানি অহিজন শৌচাগারে যায়। এই সুযোগে ওয়ার্ডে থাকা বোরকা পরা অজ্ঞাত এক নারী কৌশলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
ওই ওয়ার্ডে আগে থেকে ভর্তি এক রোগীর সঙ্গে থাকা স্বজন এই প্রতিবেদককে বলেন, শিশুটির নানি শৌচাগারে গেলে ওয়ার্ডে থাকা এক নারী শিশুটিকে কোলে নিয়ে আদার করার ছলে বারান্দায় যায়। তারা মনে করেছেন ওই নারী ওই শিশুটিরই স্বজন হবে। কিন্তু পরে দেখা গেল ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়েছে।
শিশুটির নানা বাছদ্দি জানান, ‘হাসপাতাল থেকে আমার নাতি চুরি হয়েছে। আমি আমার নাতিকে ফেরত চাই।’
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর হাসপাতালে ব্যবস্থাপক অজয় কুমার রায় বলেন, হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনাটি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ এসে তদন্ত করে গেছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।