হাসপাতালে অবহেলিত 'আঁতুড়ঘর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩১ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লেবার (প্রসূতি) ওয়ার্ডে দরজা ধাক্কা দিতেই বিরক্তিকর শব্দ হয়। ভেতরে তিনটি পার্টিশন দেওয়া একটি ঘরে ঢোকামাত্র বোটকা গন্ধ। রংচটা ছেঁড়া পর্দার বিভিন্ন জায়গায় শুকিয়ে যাওয়া রক্তের দাগ।

ঘরে সন্তান প্রসবের জন্য চারটি বিছানা। দুটির রাবার লাগানো গদি ছিঁড়ে গেছে। লোহার পায়ায় জং ধরে গেছে। ঘরের শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র নষ্ট। চলছে, তবে তাতে ঘর ঠান্ডা হয় না। ঘরের সিলিংয়ে অনেক উঁচুতে লাগানো পাখা চলছে, তাতে গরম কমে না। ঘরে আলোও পর্যাপ্ত নয়। ঘরে কোনো জানালা নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই লেবার ওয়ার্ডে এ ধরনের প্রসব ব্যবস্থাপনায় দৈনিক ১৬ থেকে ১৭ জন মা সন্তান জন্ম দিচ্ছেন।

৩ আগস্ট কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রের লেবার রুমে গিয়ে দেখা যায় আরও করুণ চিত্র। সংকীর্ণ লেবার রুম পানিতে থইথই। জলাবদ্ধতার কারণে দেয়াল স্যাঁতসেঁতে। পানি সেচার জন্য অবশ্য ঝাড়ু রাখা আছে। কোনো মা সন্তান প্রসবের জন্য এলে ঘরের পানি সেচে তারপর সন্তান প্রসব করান কর্মরত ব্যক্তিরা। বৃষ্টির জন্য দীর্ঘদিন ধরেই এ জলাবদ্ধতা চলছে বলে জানালেন স্বাস্থ্যকেন্দ্রের পরিদর্শক মো. রিয়াজ উদ্দিন।

কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের লেবার রুম l প্রথম আলো
কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের লেবার রুম l প্রথম আলো

বেশির ভাগ সরকারি হাসপাতালে সন্তান প্রসবের জন্য আসা মায়েদের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। হাসপাতালে স্বাভাবিকভাবে সন্তান প্রসবের জায়গা বা লেবার ওয়ার্ডের জন্য এখন পর্যন্ত সমন্বিত লিখিত কোনো প্রটোকল বা নীতিমালা নেই দেশে, যে নীতিমালা বলে দেবে, প্রসবের সময় একটি লেবার ওয়ার্ডে কী কী সুবিধা থাকতে হবে, কোন পরিস্থিতিতে চিকিৎসক কী ধরনের সিদ্ধান্ত নেবেন।

লেবার ওয়ার্ড প্রটোকল

স্ত্রী ও প্রসূতিবিদদের সংগঠন অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) প্রথমবারের মতো ‘লেবার ওয়ার্ড ম্যানেজমেন্ট প্রটোকল’-এর একটি খসড়া করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে গত ডিসেম্বর মাসে। তবে এখন পর্যন্ত মন্ত্রণালয় এ খসড়ার বিষয়ে কিছু বলেনি।

ওজিএসবির প্রেসিডেন্ট অধ্যাপক লায়লা আরজুমান্দ বানু প্রথম আলোকে বলেন, প্রসব-সংক্রান্ত জটিলতা দেখা দিলে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য সবকিছু হাতের নাগালে থাকতে হবে। লেবার রুমে মিডওয়াইফদের থাকাটা নিশ্চিত করা, এখানে যাঁরা দায়িত্ব পালন করবেন, তাঁদের জন্য প্রণোদনার ব্যবস্থা করার বিষয়টিতে গুরুত্ব দেন তিনি।

ওজিএসবির লেবার ওয়ার্ড প্রটোকলের খসড়ায় বলা হয়েছে, এ প্রটোকল মেনে চললে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা যেকোনো আইনি জটিলতা থেকে রেহাই পেতে পারেন। কর্মীদের জন্য চোখের সামনে লিখিত একটি নিয়মনীতি রাখা, যা দেখে তাঁরা প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারেন।

প্রটোকল অনুযায়ী, প্রতিটি লেবার রুম পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হবে। রুমের নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে। যন্ত্রপাতি পর্যাপ্ত এবং তা যথাযথ স্থানে রাখতে হবে। নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। বাইরের আলো যাতে ঘরে ঢুকতে পারে, তার ব্যবস্থা থাকতে হবে। শীতের সময় ঘর যাতে গরম থাকে, সে ব্যবস্থা লাগবে। বিছানাগুলো ভালো হতে হবে। প্রটোকলে কোন কোন ওষুধ লাগবে, প্রসবের কোন স্তরে কী করতে হবে, সে বিষয়গুলো বলা আছে। লেবার রুমে যাঁরা দায়িত্ব পালন করবেন, তাঁদের কাজটাকে নিয়মনীতির মধ্যে আনার জন্যই এ প্রটোকল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লেবার রুমের জ্যেষ্ঠ স্টাফ নার্স শাহনাজ পারভীন প্রথম আলোকে বলেন, ‘হয়তো আমরা স্ট্যান্ডার্ড প্রটোকল সেভাবে মানতে পারছি না, তবে ম্যানেজ হয়ে যাচ্ছে।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক মান্নান প্রথম আলোকে বলেন, লেবার রুমে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের একটি মানসম্মত নিয়ম মানতে হবে। সেবার মান নিয়ন্ত্রণ করতে গেলে একটি মানদণ্ড প্রয়োজন। লেবার রুম প্রটোকল হলো সেই মানদণ্ড।

স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করছে সরকার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, একটি দেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব বা সি-সেকশনের হার ১০-১৫ শতাংশের আশপাশে থাকা উচিত। কিন্তু বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের (বিডিএইচএস ২০১৪) সর্বশেষ হিসাব বলছে, দেশে অস্ত্রোপচারে সন্তান জন্মদানের হার ছিল ২৩ শতাংশ। ২০০৪ সালে এই হার মাত্র ৫ শতাংশ ছিল। এখন বেসরকারি হাসপাতালগুলোয় প্রায় ৮০ শতাংশ প্রসবই হচ্ছে সি-সেকশনের মাধ্যমে। সরকারি হাসপাতালে এই হার ৩৮ শতাংশ। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার স্বাভাবিক প্রসবে সন্তান জন্মদানকে উৎসাহিত করছে। এ ক্ষেত্রে লেবার রুমের পরিবেশ উন্নত করার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।

অধ্যাপক লায়লা আরজুমান্দ বানু প্রথম আলোকে বলেন, সরকার অস্ত্রোপচারে সন্তান প্রসবের হার কমানোর জন্য স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন)