হাসপাতালে আসামির মৃত্যু নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের নির্যাতনে অসুস্থ হয়ে ইমাম হোসেন (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমাম হোসেনের মৃত্যু হয়।
ইমাম হোসেনের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামে।
চমেক হাসপাতাল মর্গের সামনে ইমাম হোসেনের ছোট ভাই নুর উদ্দিন প্রথম আলোকে বলেন, ৬ মে সন্ধ্যায় শাকপুরার চৌমুহনী বাজার থেকে তাঁর ভাই দিনমজুর ইমাম হোসেনকে আটক করে পুলিশ। পরে তাঁকে বোয়ালখালী থানায় নিয়ে বেধড়ক মারধর করা হয়। পুলিশের নির্যাতনে অসুস্থ হয়ে পড়ায় পরদিন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক ইমাম হোসেনকে চমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। চমেক হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।
এ ব্যাপারে তাঁরা মামলা করবেন কি না—এ প্রশ্নের জবাবে নুর উদ্দিন বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। মামলা চালানোর সামর্থ্য নেই।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন।
নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বলেন, ১০ লিটার চোলাই মদসহ ইমাম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে আদালতে পাঠানোর জন্য গাড়িতে তুলতে চাইলে তিনি জানান, তাঁর বুকে ব্যথা হচ্ছে। পরে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, ১০ লিটার চোলাই মদ উদ্ধারের ঘটনায় ইমাম হোসেনকে আসামি করে মামলা হয়েছে।
চিকিৎসকেরা মৃত্যুর কারণ সম্পর্কে লিখেছেন, অতিরিক্ত মদ্যপান ও হৃদ্রোগে ইমাম হোসেনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আশরাফুল আলমের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ইমাম হোসেনের শরীরে নির্যাতনের কোনো চিহ্ন দেখতে পাননি জানিয়ে আশরাফুল আলম বলেন, দুই হাতের কবজিতে কালো দাগ আছে। এ ছাড়া দুই কনুইয়ের নিচে কালো দাগ দেখা গেছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, ইমাম হোসেনের শরীরে নির্যাতনের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।