হাসপাতালে ও আটকে রেখে তিন কিশোরীকে ধর্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে রোগী দেখতে গিয়ে হাসপাতালে এক কিশোরী, বরিশালে অপহৃত এক স্কুলছাত্রী এবং গাজীপুরে আরও এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বরিশালের ঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে ঢাকা থেকে একজনকে গ্রেপ্তার এবং গাজীপুরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন একজন রোগী বলেন, গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে দেখতে এসেছিল পরিচিত মেয়েটি (১৭)। ভুল করে ছয়তলার চিলেকোঠায় উঠে গেলে সেখানে তিন তরুণ তাকে ধর্ষণ করেন। বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশকে জানানো হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পর কিশোরীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে সে ওই হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে।
ওসিসির ওয়ার্ড ইনচার্জ মো. কাউসার গতকাল রোববার বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে কিশোরীটিকে এখানে ভর্তি করা হয়। তার অবস্থা এখন ভালো। আর হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম আজাদ বলেন, ‘মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের যথার্থতা জানা যাবে।’
হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক কে এম খবির বলেন, গতকাল কিশোরীটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে আনুষঙ্গিক আরও কিছু পরীক্ষার পর মঙ্গলবার পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া সম্ভব হবে।
এদিকে অপহরণ করে ২৮ দিন আটকে রেখে বরিশালের গৌরনদীর একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পুলিশ শনিবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার এবং অপহরণ ও ধর্ষণের অভিযোগে সুলতান আহম্মেদ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। সুলতানের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জের আমলাগাছিয়া গ্রামে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, মেয়েটি নানার বাড়িতে থেকে পড়াশোনা করে। গত ৫ মার্চ সকালে স্কুলে যাওয়ার পথে সুলতানের নেতৃত্বে চার-পাঁচজন অস্ত্রের মুখে তাকে অপহরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম আশুলিয়া থানার পুলিশের সহযোগিতায় শনিবার রাত সাড়ে আটটায় আশুলিয়া থানার ইয়ারপুর এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার ও সুলতানকে গ্রেপ্তার করে। শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে গতকাল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেয়েটির অভিযোগ, সুলতান তাকে আশুলিয়ার একটি বাসায় ২৮ দিন আটকে রেখে ধর্ষণ করেন। এ ব্যাপারে মেয়েটির নানা গৌরনদী মডেল থানায় শনিবার একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। সুলতানকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, গাজীপুরে এক কিশোরীকে (১৬) দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মীসহ তিনজনের বিরুদ্ধে।
কিশোরীর পরিবার ও পুলিশের ভাষ্য, মেয়েটি সপরিবারে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে। স্থানীয় একটি লন্ড্রি দোকানের মালিক সুজন মিয়া তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু মেয়েটির পরিবার তা প্রত্যাখ্যান করে। এরপর এলাকার যুবলীগের কর্মী শহিদ মিয়া ও ছাত্রলীগের কর্মী নাহিদ হোসেনের কাছে যান সুজন। গত বৃহস্পতিবার রাতে এক নারীর সহায়তায় মেয়েটিকে ডেকে এক বাড়িতে নিয়ে ধর্ষণ করেন শহিদ, নাহিদ ও সুজন। দুই দিন আটকে রেখে শনিবার তাঁরা তাকে ছেড়ে দেন।
কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, স্থানীয় কাউন্সিলর সেলিম রহমান অভিযুক্ত ব্যক্তিদের গতকাল তাঁর কার্যালয়ে ডেকে আনেন এবং পুলিশকে জানান। পরে অভিযুক্ত তিনজনকে ও তাঁদের সহযোগিতা করার অভিযোগে মুক্তা বেগম নামে এক নারীকে আটক করা হয়।
পুলিশ জানায়, মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য বিকেলে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।