চিকিৎসকের অবহেলায় একজন প্রসূতি নারী হাসপাতালে ভর্তি হয়েও কোনো চিকিৎসা পাননি। পরে তিনি বাধ্য হয়ে হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসেন এবং হাসপাতালের সামনেই রাস্তায় সন্তান প্রসব করেন। দুর্ভাগ্যক্রমে জন্মের পরপরই নবজাতকটি মারা গেছে। বিয়োগান্ত এ ঘটনার জন্য কর্তব্যরত চিকিৎসককে দায়ী করেছে ভুক্তভোগী নারীর পরিবার। নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার লালপুর উপজেলার রায়পুর গ্রামের বিজিবির সৈনিক জামিরুল ইসলামের স্ত্রী শামীমা আক্তারের প্রসব বেদনা উঠলে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে তাঁর বাবা পার্শ্ববর্তী বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু দুই ঘণ্টায়ও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি। পরে রোগী বাধ্য হয়ে হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসেন।
শামীমার বাবা সাজেদুর রহমানের অভিযোগ, প্রসব বেদনায় ছটফট করলেও হাসপাতালের আবাসিক চিকিৎসক নুজহাত নওরিন তাঁর মেয়েকে ভর্তি করেননি। চিকিৎসক বলেন, আলট্রাসনোগ্রাম ছাড়া প্রসূতি রোগী ভর্তি করা যাবে না। এ নিয়ে তাঁদের সঙ্গে চিকিৎসক দুর্ব্যবহার করেন। পরে বেলা একটার দিকে তাঁর মেয়ে প্রসব বেদনার যন্ত্রণায় চিৎকার করতে থাকলে আশপাশের রোগীরা এসে জোর করে শামীমাকে ভর্তি করান। কিন্তু তখনো কোনো চিকিৎসক তাঁর মেয়েকে চিকিৎসা দেননি। এ অবস্থায় তিনি তাঁর মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। এর পরপরই বেলা একটা ৩৫ মিনিটে শামীমা রাস্তার ওপর একটি পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের আধা ঘণ্টার মধ্যেই নবজাতক মারা যায়।
ক্ষুব্ধ সাজেদুর বলেন, ‘শুধু চিকিৎসার অভাবে আমার নাতি মারা গেছে। মেয়ের অবস্থাও ভালো না। আমি এই ঘটনার বিচার চাই।’
তবে এই অভিযোগ অস্বীকার করে চিকিৎসক নুজহাত নওরিন প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালের বহির্বিভাগে ওই রোগী আমার কাছে গিয়েছিলেন। আমি তাঁর জরায়ু পরীক্ষা করতে চাইলে তিনি তাতে অসম্মতি জানান। পরীক্ষা না করে চিকিৎসা দেওয়া যাবে না বলে আমি বারবার বোঝানোর চেষ্টা করলেও তিনি আমাকে সহযোগিতা করতে রাজি হননি। পরিস্থিতি খারাপ হলে তিনি ভর্তি হন।