হাসপাতালে চুরি অস্ত্রোপচার বন্ধ
ফরিদপুর জেনারেল হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে (ওটি) চুরি হয়েছে। গত সোমবার রাতে এই চুরি হয়। এতে গতকাল মঙ্গলবার সকাল থেকে হাসপাতালে অস্ত্রোপচার সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টা থেকে ভোর ৬টার মধ্যে কোনো একসময় অস্ত্রোপচার কক্ষে চুরি হয়। গতকাল সকালে চুরির ঘটনা টের পাওয়া যায়। চোরেরা ল্যাপ্রোস্কপিক মেশিনের ক্যামেরা, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের কমপ্রেসরসহ মোট ১৩ ধরনের যন্ত্রপাতি চুরি করে নিয়েছে। এর ফলে গতকাল সকাল থেকে হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক অসিত রঞ্জন দাস বলেন, ‘আমরা জরুরিভাবে ওটি চালু করার চেষ্টা করছি।’ কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, অস্ত্রোপচার কক্ষের শৌচাগারের জানালার রড বাঁকা করে চোর ভেতরে ঢুকে যন্ত্রপাতি চুরি করেছে।