হাসপাতালে তালা
সন্ত্রাসীরা জোর করে হাসপাতালের বহির্বিভাগ থেকে ওষুধ নিয়ে যায়। বাধা দিলে কর্মচারীদের হুমকি দেয়। এর প্রতিবাদে ৩ মে থেকে রাজশাহী রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে দেওয়া হয়।
পরে রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্যালয়ে বৈঠক করে গত রোববার মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গতকাল সোমবার পর্যন্ত মামলা হয়নি। হাসপাতালের অন্তর্বিভাগও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন হাসপাতালে তালা ঝুলছে।
এর আগে গত মঙ্গলবার হাসপাতালের শুধু বহির্বিভাগে কর্মবিরতি শুরু করেছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। তখন তাঁরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে তিন দিনের সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু এ সময়ের মধ্যে রেলওয়ের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় গত শুক্রবার থেকে তাঁরা অন্তর্বিভাগের চিকিৎসা কার্যক্রমও বন্ধ করে দেন। ওই দিন তাঁরা ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে দিয়ে এই হাসপাতালে তালা ঝুলিয়ে দেন। সেই থেকে হাসপাতালে তালা ঝুলছেই।
এদিকে হাসপাতাল একটানা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সেবাপ্রার্থীরা। জানা গেছে, হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন রেলওয়ের কর্মচারী ও তাঁদের পরিবারের প্রায় ১৩০-১৪০ জন সদস্য চিকিৎসা নিতে আসে। এ ছাড়া অন্তর্বিভাগেও প্রায় সময়ই রোগী ভর্তি থাকে। রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করে হাসপাতালের প্রধান মেডিকেল কর্মকর্তা নিলেন্দ্র কিশোর ভট্টাচার্য বলেন, যাঁরা ভুক্তভোগী, তাঁরাই এখন বলছেন, মামলা করলে তাঁদের নিরাপত্তা নিয়ে তাঁরা সমস্যায় পড়বেন। এ জন্য মামলা করতে তাঁরা দ্বিধায় ভুগছেন।
৬ মে প্রথম আলোতে ‘রাজশাহী রেলওয়ে হাসপাতাল: সন্ত্রাসীদের ভয়ে বহির্বিভাগ বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।