হাসপাতালে দালাল ধরতে অভিযান
চিকিৎসাসেবায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এবং রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া দালালদের ধরতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের ওই অভিযানে ১১ জনকে আটক হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
হাসপাতাল পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন বলেন, হাসপাতালের ভেতরে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের প্রবেশের নির্দিষ্ট সময় রয়েছে। কিন্তু তাঁরা হাসপাতালে ঢুকে চিকিৎসাসেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন। গতকাল অভিযান চলাকালে তাঁদের ছয়জনকে আটক করা হয়। এ ছাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে (ক্লিনিক) নিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তৎপর। এরই অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।