হাসপাতালে প্রতিপক্ষের ওপর হামলা, আটক ৭
লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগী ভর্তি করাতে এসে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন তিনজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বালু উত্তোলন নিয়ে গতকাল বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার মধ্য বাঞ্চানগর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে মো. হোসেন, তাঁর স্ত্রী শিমু আকতার, ভাই বেলাল হোসেন, ভাগনে মানিক ও বোন মরিয়ম বেগমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসেন তাঁদের পক্ষের লোকজন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর আবার হামলা চালায়। এতে তিনজন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, হাসপাতালে রোগী ভর্তি নিয়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন আহত হন।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা করা হবে।