হাসপাতালে মাকে দেখে ফেরার পথে ধর্ষণের শিকার শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাসপাতালে অসুস্থ মাকে দেখে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে সাত বছরের একটি শিশু। গত সোমবার গভীর রাতে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে করিমগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ হয়েছে। স্থানীয়রা বিক্ষোভ শেষে দাবির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।
পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যরা জানান, শিশুটির বাড়ি তাড়াইল উপজেলায়। সে একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাকে দেখতে সোমবার সন্ধ্যায় শিশুটি হাসপাতালে যায়। রাত ১২টার দিকে হাসপাতাল থেকে বাবা ও বড় ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল শিশুটি। রাত সাড়ে ১২টার দিকে তাদের বহনকারী রিকশাটি রামনগর এলাকায় শাহ আলীর মাজার অতিক্রম করছিল। ওই সময় স্থানীয় হেলাল মিয়া, শহীদ মিয়া, ফারুক মিয়া ও রুমন মিয়া নামে চার যুবক বাবা ও ভাইকে জিম্মি করে শিশুটিকে পাশের বিলে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ শেষে তারা পালিয়ে যায়।
গতকাল মঙ্গলবার ভোরে করিমগঞ্জের শিমুলতলা গ্রামের একটি স্কুলের পাশ থেকে স্থানীয়রা অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, এ ব্যাপারে ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।