হাসপাতালে যন্ত্রণায় দিন কাটছে মেয়েটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডান হাত ভেঙে গেছে। চোখের নিচে রক্ত জমাট বেঁধে কালো দাগ হয়ে আছে। ক্ষতচিহ্ন রয়েছে শরীরের অন্যান্য স্থানেও। একটু নড়তে-চড়তে গেলেই ব্যথায় কুঁকরে উঠছেন রাশিদা আক্তার (২৮)।
তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার রফারদিয়া গ্রামের সাদেক মিয়া প্রধানের মেয়ে। জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচা ও তাঁর লোকজন পিটিয়ে রাশিদার এ অবস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। একই সংঘর্ষে আহত হন তাঁর পরিবারের আরও চারজন।
আহত অন্যরা হলেন রাশিদার মা নিলুফা বেগম (৪৮), বাবা সাদেক মিয়া প্রধান (৫০), বোন মর্জিনা আক্তার (২৬) ও ভাই সুমন মিয়া (২৪)। চিকিৎসকেরা বলেছেন, রাশিদার পাশাপাশি ভাই সুমনের অবস্থাও গুরুতর। ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপানো হয়েছে।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল ইসহাক বলেন, ৪২ শতক জমি নিয়ে সাদেক মিয়া ও তাঁর বড় ভাই ছিদ্দিকুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছে। জমিটি সাদেককে লিখে দিয়েছেন তাঁর মা মধু বেগম। কিন্তু ভাই ছিদ্দিকুরও একই দাবি করেন। তিনি এ বিষয়ে কুমিল্লার আদালতে মামলা করেছেন। তবে আদালতে তাঁর দাখিল করা দলিলটি ভুয়া বলে প্রমাণিত হয়। কিন্তু পরে ছিদ্দিকুর উচ্চ আদালতে মামলা করেন, যেটি এখন চলমান রয়েছে। তিনি (চেয়ারম্যান হেলাল) সালিসের মাধ্যমে কয়েকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করেও পারেননি।
সাদেকের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাদেক মিয়া বিরোধপূর্ণ ওই জমি গত শুক্রবার দুপুরে চাষ করতে গেলে বড় ভাই ছিদ্দিকুর বাধা দেন। একপর্যায়ে ছিদ্দিকুর, তাঁর পরিবারের সদস্য ও কয়েকজন প্রতিবেশী মিলে সাদেক মিয়ার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। পিটিয়ে পাঁচজনকে আহত করার পাশাপাশি তাঁদের বাড়ির দরজা-জানালা ও ঘরের আসবাব ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করা হয়।
সাদেক মিয়া অভিযোগ করে বলেন, তিনি ব্যবসা করে আর্থিকভাবে এগিয়ে যাওয়ায় তাঁর বড় ভাই ছিদ্দিকুরের পক্ষ ঈর্ষান্বিত হয়ে এ হামলা চালিয়েছে।
তবে ছিদ্দিকুর রহমান বলেন, ওই জমি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। সাদেক মিয়া সেখানে এককভাবে আবাদ করতে চেয়েছিলেন। বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পরিবারের লোকজনই আহত হয়েছেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, সাদেক মিয়া শনিবার রাতে একটি লিখিত আবেদন করেন। প্রাথমিক তদন্ত শেষে সোমবার রাতে সেটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। এতে ছিদ্দিকুরসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।