হাসপাতালে লাশ ফেলে পালিয়ে গেলেন তাঁরা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার বিকেলে ২০ বছরের এক তরুণীর লাশ ফেলে রেখে পালিয়ে গেছেন বহনকারীরা। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করলে বহনকারীরা সটকে পড়েন।
এদিকে কলাবাগানের সার্কুলার রোড থেকে দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের নিবন্ধন খাতায় ওই তরুণীর নাম লেখা হয়েছে রিনা। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে খাতায় উল্লেখ রয়েছে। তবে দুর্ঘটনাস্থল সম্পর্কে কোনো তথ্য নেই।
সূত্র আরও জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে দু-তিনজন ব্যক্তি ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে হাসপাতালে থাকা পুলিশ ও নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ওই ব্যক্তিরা পালিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, শাহবাগ থানার পুলিশ ওই তরুণীর লাশের ময়নাতদন্ত করাবে। বিভিন্ন জায়গায় এ ব্যাপারে বার্তা পাঠানো হয়েছে।
লাশ উদ্ধার: ঢাকা মেডিকেল সূত্র জানায়, দুপুর পৌনে একটার দিকে কলাবাগানের সার্কুলার রোডের একটি সেমিপাকা টিনশেডের বাসা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেন কলাবাগান থানার উপপরিদর্শক শাহিনুর আলম। তিনি সুরতহালে উল্লেখ করেন, ওই ব্যক্তির পরনে হাফ হাতা চেক শার্ট ও সাদা কালো চেক লুঙ্গি ছিল। কয়েক দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন। ওই বাড়িটি পরিত্যক্ত। ওই ব্যক্তি কে, কেনই বা ওই বাড়িতে গেলেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।