হাসপাতালে লাশ রেখে দুজন পালাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শুক্রবার দুপুরে মৃত এক তরুণীকে চিকিৎসার জন্য আনার ভান করে লাশ রেখে কৌশলে পালিয়ে যায় অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষ। ওই তরুণীর নাম সেতু (২১)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে জানা যায়, সেতুর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার দৌলতপুর গ্রামে। তাঁর বাবার নাম আজিজুল ইসলাম। সেতুর স্বামী শাকিল ভালুকার মল্লিকবাড়ী এলাকায় অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
সেতু স্বামীর সঙ্গে ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। গতকাল বেলা দুইটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষ রোগী সাজিয়ে মৃত সেতুকে চিকিৎসার জন্য হাসপাতালে আনার ভান করে। জরুরি বিভাগে কর্মরত এক ব্যক্তি রোগীর নাম-ঠিকানা এবং কী হয়েছে জানতে চাইলে ওই দুজন দৌড়ে পালিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু হানিফ জানান, সেতুর গলার বাঁ পাশে কালো দাগ ও ক্ষত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে বিকেলে সেতুর মা-বাবা এলেও স্বামীর দেখা পাওয়া যায়নি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি।