হাসপাতালে লাশ রেখে পলায়ন
বাগেরহাট সদর হাসপাতালে গতকাল সোমবার দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মৃতদেহ রেখে পালিয়ে গেছেন এক ব্যক্তি। ফলে মৃতদেহের পরিচয় জানতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় ওই যুবককে এক ব্যক্তি অচেতন অবস্থায় বেলা দেড়টার দিকে বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসেন। চিকিৎসকেরা যুবককে চিকিৎসা দিতে এসে দেখেন, তিনি মারা গেছেন। তাঁরা যুবককে মৃত ঘোষণা করার পর বহনকারী ওই ব্যক্তি কৌশলে হাসপাতাল ছেড়ে চলে যান। জরুরি বিভাগের রেজিস্ট্রারে বহনকারী ওই ব্যক্তি নিজের নাম লিখেছেন আবদুল কাদের হাওলাদার। বাবার নাম সুলতান হাওলাদার। বাড়ির ঠিকানা লেখা হয়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রাম। হাসপাতালে আসার পর ওই ব্যক্তি উপস্থিত সেবিকাদের বলেছিলেন, ওই যুবককে তিনি চেনেন না। তবে তিনি ওই যুবককে কোথায়, কীভাবে পেয়েছেন সে বিষয়ে কিছু বলেননি।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিহাব মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবক মারা গেছেন। মৃতদেহের শরীরে বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।