হাসপাতালে শিশুটির বাঁচার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শিশুকে (৮) তার চাচাতো বোনজামাই (ভগ্নিপতি) ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গত শনিবার এ ঘটনা ঘটে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, জেলার ডামুড্যা উপজেলার নীলমণিকান্দি গ্রামের রহমান ফরাজি (২২) গত বছর গোসাইরহাটের নাগেরপাড়া ইউনিয়নে বিয়ে করেন। তিনি শ্বশুরবাড়ি বেড়াতে এসে স্ত্রীর ওই চাচাতো বোনকে গত শনিবার ধর্ষণ করেন।
ওই শিশুর বাবা রিকশাভ্যানচালক। শিশুটির মা দুই বছর আগে মারা গেছেন। ভ্যানচালকের পাঁচ ছেলেমেয়ের মধ্যে বড় তিনজন নোয়াখালী ও ঢাকায় কাজ করেন। তিনি আট ও পাঁচ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে গ্রামে থাকেন। শনিবার ওই শিশুর বাড়ির পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিল। বাবা সকালে ভ্যান নিয়ে বের হওয়ার সময় মেয়েকে বলে গিয়েছিলেন দুপুরে এসে স্কুল থেকে নতুন বই এনে দেবেন। তিনি ফিরে আসার আগেই মেয়েটি নির্যাতনের শিকার হয়। শনিবার বেলা ১১টার দিকে রহমান ফরাজি শিশুটিকে বেড়ানোর কথা বলে বাড়ির কাছে এক জঙ্গলে নিয়ে পাশবিক নির্যাতন চালান। পরে রহমান রক্তাক্ত অবস্থায় শিশুটিকে জঙ্গলে ফেলে চলে যান। হুমকি দেওয়া হয়, কাউকে বললে মেরে ফেলা হবে।
ওই শিশুর বাবা জানান, ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হতে থাকলে তাঁর মেয়ে বাড়িতে না গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে নেমে বসে থাকে। পরে তাঁরা শিশুটিকে উদ্ধার করে রক্তক্ষরণের কারণ জানতে চান। পরে সে ঘটনা খুলে বলে। দিনভর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটির রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে রাত আটটার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক আম্বিয়া আলম জানান, শিশুটিকে ধর্ষণের কারণে তার জরায়ুতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
শিশুটি জানায়, বোনের জামাই তাকে বেড়ানোর কথা বলে একটি জঙ্গলে নিয়ে যায়। ভয়ে চিৎকার দিতে চাইলে তাকে মুখ চেপে অত্যাচার করে।
রহমানের স্ত্রী বলেন, ‘শুক্রবার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসি। সে এ ধরনের কাজ করবে কখনো ভাবিনি। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
গত রোববার রহমানের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ সময় তাঁর দাদি ও চাচা বলেন, ‘রহমানের নামে আগেও অনেক বিচার এসেছে। ওর এসব খারাপ কাজের জন্যই ওকে তাড়াতাড়ি বিয়ে করানো হয়েছিল। কিন্তু ও ভালো হয় নাই।’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে ইতিমধ্যে একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে।