হাসপাতালে সন্ত্রাসী কর্মকাণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে বখাটে সন্ত্রাসী ও দালালদের দৌরাত্ম্য চলছে। হাসপাতালের বারান্দায় রাত কাটানো রোগীদের স্বজনের কাছ থেকে চাঁদা আদায় করছে বখাটে সন্ত্রাসীরা। চাঁদা না দিলে মারধরও করা হচ্ছে। এই অবস্থায় গতকাল মঙ্গলবার সভা করে হাসপাতাল চত্বরে বখাটে-সন্ত্রাসীদের প্রতিরোধ করতে লাঠি ও বাঁশি নিয়ে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর মহল্লার আনোয়ারুল হক (৫২) অভিযোগ করেন, গত ২৯ জুলাই তিনি অসুস্থ বাবাকে সদর হাসপাতালে ভর্তি করান। পরদিন তিনি দেখতে পান নাচোল উপজেলার একজন রোগীর কাছ থেকে ৩০০ টাকা চাঁদা দাবি করছেন মসজিদপাড়ার জসিম (৩৫) নামের একজন ব্যক্তি। চাঁদা না পেয়ে ওই রোগীকে মারধরও করা হয়। এরপর জসিম হাসপাতালের বারান্দায় ঘুমিয়ে থাকা রোগীর স্বজনদের ঘুম থেকে উঠিয়ে ২৫০ টাকা করে দিতে বলেন। জসিম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে টাকা দিয়ে তিনি বারান্দা ইজারা নিয়েছেন। বারান্দায় থাকতে হলে তাঁকে টাকা দিতে হবে। এ সময় আনোয়ারুল হকের কাছ থেকেও চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় সেখানে দাঁড়িয়ে থাকা নৈশপ্রহরীর লাঠি কেড়ে নিয়ে জসিম তাঁকে পেটান। তিনি রক্তাক্ত আহত হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। সেখানেও জসিম হামলা চালান। উপস্থিত লোকজন তাঁকে জসিমের হাত থেকে রক্ষা করেন। পরে তিনি থানায় অভিযোগ করেন। থানায় কর্তব্যরত কর্মকর্তা তাঁকে পরদিন আসতে বলেন। পরদিন তিনি থানায় এজাহার দায়ের করেন। পুলিশ ১ আগস্ট জসিম ও দুজন নৈশপ্রহরীকে গ্রেপ্তার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক রোগীরা জানান, মসজিদপাড়ার বখাটেরা প্রায় রোগীর স্বজনদের কাছ থেকে চাঁদা আদায় করে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় না।
সিভিল সার্জন মো. আলাউদ্দীন বলেন, জসিমকে হাসপাতালের নৈশপ্রহরীরা সহায়তা করেননি। বখাটে সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধে পুলিশের সহায়তা চাওয়া হবে।
গতকাল সকালে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমন্বয় কমিটি সন্ত্রাসীদের দৌরাত্ম্য প্রতিবাদে ও নৈশপ্রহরীদের মুক্তির দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সিভিল সার্জন সেখানে উপস্থিত হয়ে নৈশপ্রহরী দুজনকে অবিলম্বে মুক্ত করার আশ্বাস দিয়ে কর্মসূচি স্থগিত করান ও লাঠি-বাঁশি হাতে এক জোট হয়ে হাসপাতাল চত্বরে বখাটে-সন্ত্রাসীদের প্রতিরোধ করার পরামর্শ দেন। এরপর হাসপাতালের সভাকক্ষে কর্মচারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মঈদুল ইসলামের সভাপতিত্বে সভায় গভীর রাতে হাসপাতালে রোগী ও রোগীর স্বজনকে মারধরের নিন্দা ও জসিমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। পাশাপাশি দুজন নৈশপ্রহরীর মুক্তির দাবি জানানো হয়। এ ছাড়া হাসপাতাল চত্বরে বখাটে-সন্ত্রাসীদের প্রতিরোধ করতে লাঠি ও বাঁশি নিয়ে প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়।
হাসপাতালের কয়েকজন সেবিকা অভিযোগ করেন, মসজিদপাড়ার কিছু চিহ্নিত বখাটে ও সন্ত্রাসী প্রায়ই সেবিকাদের উত্ত্যক্ত করে। হাসপাতালে ঢুকে অশ্লীল ভাষায় গালিগালাজও করে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও এসবের কোনো প্রতিকার পাওয়া যায়নি।
সিভিল সার্জন বলেন, এরপর হাসপাতাল চত্বরে বখাটে ও সন্ত্রাসীদের তৎপরতা দেখা গেলে সম্মিলিতভাবে কর্মচারীরা তাঁদের ধরে পুলিশকে খবর দেবে। দালালদের তৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।