হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে স্বামীর পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার রাতে ঝিনুয়ারা আকতার (২০) নামের এক গৃহবধূর লাশ রেখে স্বামী পালিয়ে গেছেন। পরে খবর পেয়ে পুলিশ এসে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, এক বছর আগে উপজেলার জিরি ইউনিয়নের রিকশাচালক মোহাম্মদ শরীফের মেয়ে ঝিনুয়ারার সঙ্গে ছনহরা ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে আবদুল করিমের বিয়ে হয়। বিয়ের পর করিম তাঁর স্ত্রীকে নিয়ে আমজুর হাট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে আবদুল করিম মুমূর্ষু অবস্থায় তাঁর স্ত্রীকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ঝিনুয়ারাকে মৃত ঘোষণা করেন। এর পরই করিম পালিয়ে যান।
ঝিনুয়ারার চাচা হাজি রমজান আলী বলেন, ‘পুলিশ ও স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে থানায় গিয়ে ঝিনুয়ারার লাশ শনাক্ত করি। শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
পটিয়া থানার এসআই রাজীব হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বামীকে পাওয়া যায়নি। থানার ওসি শাহাবুদ্দিন খলিফা বলেন, গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।