হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সোমবার দুপুরে লিপি খাতুন (২০) নামের এক গৃহবধূর লাশ রেখে পালালেন তাঁর স্বামী বাবু মিয়া। লিপির পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে লিপিকে হত্যা করেছেন তাঁর স্বামী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, লিপির গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামে। তিন বছর আগে একই উপজেলার চরকাদহ গ্রামের বাবু মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর বাবু মিয়া কাপড়ের ব্যবসার জন্য লিপির পরিবারের কাছে যৌতুক দাবি করেন। কিন্তু লিপির দরিদ্র পরিবারের পক্ষে এ টাকা দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাবু মিয়া অচেতন অবস্থায় লিপিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে লিপি খাতুন মারা যান। তখন বাবু ও তাঁর পরিবারের লোকজন হাসপাতালে লিপির লাশ রেখে পালিয়ে যান।
লিপির বড় ভাই সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, যৌতুকের টাকা না পেয়ে বাবু ও তাঁর পরিবারের লোকজন লিপিকে বিষ খাইয়ে হত্যা করেছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান বলেন, লিপির শরীরে আঘাতের চিহ্ন ও কীটনাশক পানের আলামত রয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর লিপির স্বামী ও স্বামীর পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।