শেরেবাংলা নগর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রোগীদের হয়রানি ও অন্য ক্লিনিকে ভাগিয়ে নেওয়ার দায়ে ২৪ জনকে কারাদণ্ড দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে হুমায়ুন কবির ও মাহফুজা আক্তার নামে পঙ্গু হাসপাতালের দুজন কর্মচারীও রয়েছেন। ক্লিনিকে এক রোগী ভর্তি করাতে পারলে দুই হাজার টাকা করে কমিশন পেতেন বলে জানান র্যা বের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
গতকাল বুধবার সকালে র্যা ব-২-এর উপপরিচালক মেজর মোহাম্মদ আলী ও মাহবুব আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর নেতৃত্বে হাসপাতালে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন থেকে একটি সংঘবদ্ধ চক্র এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের এখানে চিকিৎসা নিতে বাধা দিত। অনেক সময় রোগীদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করাত। সেখানে চিকিৎসার নামে এসব রোগীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হতো। গতকালের অভিযানের সময় রোগীদের ভাগিয়ে নেওয়ার বেশ কয়েকটি ঘটনা হাতেনাতে ধরা পড়ে। হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে এই চক্রের তৎপরতা বেশি থাকে। একজন রোগীকে বেসরকারি ক্লিনিকে ভর্তি করালে দুই হাজার টাকা পেতেন দালাল চক্রের লোকজন। এ ছাড়া এক্স-রেসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাতে পারলে কমিশনের হার প্রায় ২০০ টাকা।
সারওয়ার আলম আরও বলেন, সাজা পাওয়া ২৪ জনের মধ্যে ৬ জন স্থানীয় সততা ক্লিনিকের, ২ জন মক্কা ক্লিনিকের ও ১ জন মুন্নী ডায়াগনস্টিকের বেতনভুক্ত কর্মচারী। ২৪ জনের মধ্যে পঙ্গু হাসপাতালের কর্মচারী হুমায়ুনসহ ১০ জনকে তিন মাসের ও মাহফুজাসহ ২ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য দালালদের মধ্যে ১ জনকে চার মাস, ৫ জনের দুই মাস ও ৬ জনের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।