হাসপাতালের দুই বস্তা ওষুধ পাচার, আটক ৩
খুলনা নগরের শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের স্টোর থেকে পাচার করা দুই বস্তা ওষুধ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে শহরের মুজগুন্নী এলাকায় একটি ইজিবাইক থেকে ওই ওষুধ উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বস্তা দুটিতে ২০ হাজার সিপ্রো ফ্লুক্সাসিন, ২০ মিলি গ্রামের ১৭ হাজার ইসোমিপ্রাজল ওষুধ ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ডিবি পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টাকালে ঘুষের ৫০ হাজার টাকাও জব্দ করা হয়। উদ্ধার করা ওষুধের প্যাকেটের গায়ে ‘বিক্রয় নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ’ লেখা রয়েছে। খুলনার বিভিন্ন সরকারি হাসপাতালের স্টোর থেকে দীর্ঘদিন ধরে চোরাই পথে ওষুধ বিক্রি করার অভিযোগ আছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ এম কামরুল ইসলাম বলেন, সোমবার দুপুরে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের স্টোর কিপার ফার্মাসিস্ট দেবপ্রসাদ রায় ও তাঁর শ্যালক দিপংকর সানাকে দুই বস্তা ওষুধসহ আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পরে খুলনার হেরাজ মার্কেটের ইমা মেডিকেল হল থেকে শেখ রকিবুল আবেদিনকে আটক করা হয়। এ সময় দেবপ্রসাদ এএসআই টমাস মণ্ডলকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে পরবর্তী সময়ে আরও ১০ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা বলেন। এ অবস্থায় ঘুষের ৫০ হাজার টাকাও জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।