হাসপাতালের পরিচালকের কাছে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল ও উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দারের কাছে সর্বহারা পরিচয়ে মুঠোফোনে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।
টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিচালক দুলাল চন্দ্র বলেন, গত সোমবার রাত পৌনে ১১টার দিকে তাঁর মুঠোফোনে একটি ফোন আসে। অন্য প্রান্ত থেকে কামাল নামের এক ব্যক্তি নিজেকে সর্বহারা দলের সেকেন্ড ইন কমান্ড পরিচয় দিয়ে ২০ লাখ টাকা দাবি করেন। এরপর ওই দলের নেতা মেজর জিয়া পরিচয়ে অন্য এক ব্যক্তিও কথা বলে চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি আরও বলেন, ওই ফোনটি আসার পর তিনি নিজের মুঠোফোন বন্ধ রাখেন।
গতকাল সকালে আবার ফোন চালু করা হলে নয়টার দিকে আরেকটি ফোন আসে এবং একইভাবে চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনায় তিনি জিডি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।