প্রতিদিনের মতোই গত শনিবারও বিদ্যালয় ছুটির পর নগরের কান্দিরপাড় টাউন হলের সামনের সড়ক দিয়ে বাসায় ফিরছিল কুমিল্লা জিলা স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান (১৩)। কিন্তু ওই সড়কে আসামাত্র ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যায় শিশুটি। তারপর হঠাৎ শরীরের বাম পাঁজরের নিচে একটি গুলি লাগে। মুহূর্তের মধ্যে সড়কে লুটিয়ে পড়ে সে।
শনিবার বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও শহর ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মেহেদী গুলিবিদ্ধ হলে জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী জিসান কবির তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
গতকাল কুমিল্লা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পোস্ট অপারেটিভ কক্ষে গিয়ে দেখা গেছে, বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে মেহেদী। তার পেটে ব্যান্ডেজ করা। নাকে ও মুখে নল লাগানো। পাশে তার বাবা ন্যাশনাল ব্যাংক ফেনী শাখার কর্মকর্তা মফিজুল ইসলাম এবং মা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ হাজতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আক্তার বসে আছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল আউয়াল সোহেল বলেন, গুলি শিশুটির পেটের ভেতরে খাদ্যনালিতে ঢুকে ১১টি ছিদ্র করেছে। ছোট আকারের গুলিটি পেটের পেছনের অংশের চামড়া পর্যন্ত চলে যায়। গত রোববার দুপুর ১২টা থেকে বেলা সোয়া দুইটা পর্যন্ত টানা সোয়া দুই ঘণ্টা অপারেশন করে সেটি বের করা হয়। শিশুটির মা ফেরদৌসি আক্তার বলেন, ‘আমার ছেলে নোংরা রাজনীতির শিকার হয়েছে। আমি এর বিচার চাই।’ মেহেদীকে উদ্ধারকারী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জিসান কবির বলেন, ঘটনার সময় তিনি ওই এলাকায় একটি ভবনের সামনে দাঁড়ানো ছিলেন। হঠাৎ একটি ছেলেকে পড়ে থাকতে দেখে পরে তাকে হাসপাতালে নিয়ে আসেন।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
সংঘর্ষে শহর ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রধানকে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করে একই দলের প্রতিপক্ষরা। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গত রোববার সকালে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা যান।