হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিল পরিশোধ করতে না পারায় এক মাসের বেশি সময় ধরে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই রোগীকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোগীদের স্বজনদের ভাষ্য, বিল পরিশোধ করার আর্থিক সামর্থ্য নেই তাঁদের। এ কথা জানানোর পরও ওই দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে বিলের পরিমাণ ক্রমে বাড়ানো হচ্ছে।

ওই রোগী দুজন হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পূর্ব বাস্তা গ্রামের মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের স্ত্রী রাজবানু (৫০) ও নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের রিকশাচালক আলাউদ্দিন (৩৫)। তাঁদের স্বজনদের ভাষ্য, মতিয়ার রহমান অন্যের কৃষিজমিতে দিনমজুরের কাজ করেন। গত শুক্রবার পর্যন্ত তাঁদের কাছে চিকিৎসা-ব্যয় বাবদ হাসপাতালের পক্ষ থেকে ৯ লাখ ২৭ হাজার টাকা দাবি করা হয়েছে।

এ ব্যাপারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান স্থানীয় সাংসদ এনামুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটি একটি বেসরকারি হাসপাতাল। বিল ১০-১৫ শতাংশের বেশি কমানো সম্ভব নয়। বাকি টাকা তাঁদের জোগাড় করতে হবে।’ স্বজনদের আপত্তি সত্ত্বেও আইসিইউতে রেখে বিল বাড়ানোর অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আপনার এই বক্তব্য ঠিক নয়। এ কথা প্রত্যাহার করেন।’

আইসিইউ থেকে নিয়ে গত মঙ্গলবার রাজবানুকে হাসপাতালের চতুর্থ তলায় নিউরো সার্জারি বিভাগের মহিলা ওয়ার্ডে রাখা হয়েছে। আলাউদ্দিনকে রাখা হয়েছে একই বিভাগের পুরুষ ওয়ার্ডে। স্বজন ছাড়া সাংবাদিক বা অন্য কোনো লোকজনকে তাঁদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। নিউরো সার্জারি বিভাগের যে ওয়ার্ডে রাজবানুকে রাখা হয়েছে, গত শুক্রবার ওই ওয়ার্ডে গিয়ে রাজবানুর প্রহরায় দুই সেবিকাকে দেখা যায়। তাঁদের একজন ফারহানা বলেন, রাজবানু এখন সুস্থ, বিল পরিশোধ করলেই তিনি চলে যেতে পারেন।

আজ সোমবার ওই ওয়ার্ডে গিয়ে দরজা বন্ধ থাকার কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি। ছবি তুলতে চাইলে একটু দূরে থাকা সেবিকারা বাধা দিয়ে আনসার সদস্য ডেকে আনেন। মোবাইলে যোগাযোগ করা হলে ওয়ার্ডের ভেতরে থাকা রাজবানুর মেয়ে সুফিয়া আক্তার বলেন, দুদিন ধরে ওই ওয়ার্ডে মায়ের সঙ্গে আছেন। তাঁকেও তালাবদ্ধ করে রাখা হয়েছে। মহিলা ওয়ার্ডে তাঁর মা ছাড়া আর কোনো রোগী নেই।

আলাউদ্দিনের স্ত্রী তাসলিমা বেগম বলেন, তাঁর স্বামী হাঁটাচলা করতে না পারায় তাঁকে সেবিকাদের প্রহরায় অন্য রোগীদের সঙ্গেই রাখা হয়েছে। বন্দিদশা থেকে স্বজনদের মুক্ত করতে উভয় পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আজ লিখিত আবেদন করা হয়েছে।

মতিয়ার রহমানের ভাষ্য, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর গত ১৬ অক্টোবর তাঁর স্ত্রী রাজবানুকে এনামে ভর্তি করেন। সেখানে আইসিইউতে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। নয় দিনের চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে ২৪ অক্টোবর তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু অর্থের অভাবে বিল পরিশোধ করতে পারেননি। এ জন্য তাঁকে ছাড়া হচ্ছে না। দুদিন ধরে তাঁর স্ত্রীকে একটি ওয়ার্ডে তালাবদ্ধ রাখা হয়েছে। সেখানে তাঁকেও যেতে দেওয়া হচ্ছে না। ধারদেনা করে হাসপাতালের পরীক্ষা ও ওষুধের দাম বাবদ প্রায় ৪০ হাজার টাকা পরিশোধ করেছেন। আইসিইউ ভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ তাঁর কাছে আরও ৭২ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু ওই পরিমাণ টাকা জোগাড় করতে না পারায় তাঁকে (স্ত্রী) আইসিইউতে রেখে গত মঙ্গলবার পর্যন্ত ২ লাখ ২৭ হাজার টাকা দাবি করা হয়। ওই দিন অনেক আকুতির পর তাঁর স্ত্রীকে নিউরো সার্জারি বিভাগের মহিলা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। কিন্তু বিলের পরিমাণ বাড়তেই থাকে। শুক্রবার পর্যন্ত বিলের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার টাকা।

আলাউদ্দিনের মামা ইদ্রিস আলী বলেন, বাসের ছাদ থেকে পড়ে গিয়ে আহত হলে তাঁর ভাগনে আলাউদ্দিনকে প্রথমে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে এক দালালের মাধ্যমে গত ২৪ সেপ্টেম্বর তাঁকে এনামে ভর্তি করেন। সপ্তাহ খানেক পর আলাউদ্দিন কিছুটা সুস্থ হলে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বিল পরিশোধ করতে না পারায় তাঁকে ছাড়া হয়নি। এর পর থেকে টানা ৪৬ দিন আইসিইউতে রেখে গত মঙ্গলবার তাঁকে নিউরো সার্জারি বিভাগের পুরুষ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ইতিমধ্যে তাঁর আইসিইউর ভাড়া ও আনুষঙ্গিক ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার টাকা। পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বাবদ ধরা হয়েছে ২ লাখ ৮ হাজার টাকা। এর মধ্যে আইসিইউ বিল বাবদ পাঁচ হাজার আর ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা বাবদ পরিশোধ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার টাকা। বাকি টাকা পরিশোধ করতে না পারায় তাঁর ভাগনেকে অন্য হাসপাতালে নিয়ে যেতে পারছেন না। টাকার অভাবে ওই হাসপাতালে তাঁর চিকিৎসাও হচ্ছে না।

গত শুক্রবার এনামে গিয়ে আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভাই আমাকে ছাড়ার ব্যবস্থা করে দেন। এখানে থাকলে মারা যাব।’ আলাউদ্দিনের স্ত্রী তাসলিমা বেগম বলেন, ‘মাথা গোঁজার মতো একটু জমি ছিল, আড়াই লাখ টাকায় ওই জমি বিক্রি করে স্বামীর চিকিৎসার পেছনে খরচ করেছি। আর কোনো টাকা জোগাড় করার মতো সামর্থ্য আমাদের নেই।’

এ বিষয়ে হাসপাতালের পরিচালক আনোয়ারুল কাদের বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। এমপি সাহেবের সঙ্গে তো এ ব্যাপারে আপনার কথা হয়েছে।’