হাসপাতালের মালিকের বিরুদ্ধে সেবিকাকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়ার মিজান টাওয়ারে অবস্থিত মাদারল্যাব শিশু ও জেনারেল হাসপাতালের অন্যতম মালিক শাহনুর আলমের বিরুদ্ধে এক সেবিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে হাসপাতালে সেবিকাদের বিশ্রামকক্ষে ঢুকে ওই সেবিকাকে ধর্ষণ করেন শাহনুর।

অভিযুক্ত শাহনুর সদর উপজেলার ঘাটুরা গ্রামের কাজীবাড়ির বাসিন্দা। খবর পেয়ে রোববার রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাসপাতাল, পুলিশ ও সেবিকার পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় বিশ্রামকক্ষে (৪০৯ নম্বর কক্ষ) অবস্থান করছিলেন ওই সেবিকা। এ সময় শাহনুর সেখানে ঢুকে তাঁর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি সংজ্ঞা হারিয়ে ফেলেন। সকালে জ্ঞান ফিরলে ধর্ষণের শিকার সেবিকা হাসপাতালের অন্য কর্মীদের ঘটনাটি জানান। এরপর রাতে সদর থানার দ্বিতীয় কর্মকর্তা (এসআই) ইশতিয়াক আহমেদ হাসপাতালে যান।

সরেজমিনে রোববার সন্ধ্যায় হাসপাতালে দেখা যায়, তিনতলা ভবটিতে তেমন কোনো রোগী নেই। মালিক মিজানুরসহ কয়েকজন ৪০৯ নম্বর কক্ষের বাইরে অবস্থান করছেন। ভেতরে ধর্ষণের শিকার মেয়েটি চিৎকার করে কাঁদছেন।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের অপর এক মালিক মেয়েটির বরাত দিয়ে বলেন, রাতে শাহনুর ওই সেবিকার কক্ষে ঢুকে তাঁর বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব দেন। একপর্যায়ে সেবিকার মুখ চেপে ধরে ধর্ষণ করেন। রোববার সকাল থেকে রাত পর্যন্ত মেয়েটি বেশ কয়েকবার সংজ্ঞা হারিয়ে ফেলেন। রাতে শেষ পর্যন্ত ওই সেবিকা পুলিশের সঙ্গে কথা বলতে পারেন।

শাহনুর আলম অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালটির মালিকদের মধ্যে বেশির ভাগই আর হাসপাতাল চালাতে চাইছেন না। উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানোর জন্যই তাঁর বিরুদ্ধে এ অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন শাহনুর।

হাসপাতালের পরিচালক মিজানুর রহমান বলেন, ৩০ জন মালিকের অংশীদারির ভিত্তিতে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন অন্যতম পরিচালক শাহনুর। ধর্ষণের ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে পরিচালক জানান। 

আরেক মালিক হামিদ মিয়া বলেন, তিনি ধর্ষণের ঘটনাটি শুনেছেন। এ নিয়ে হাসপাতালের মালিকদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে।

এসআই ইশতিয়াক বলেন, ওই সেবিকা ধর্ষণের শিকার হয়েছেন বলে রোববার রাতে স্বীকারোক্তি দিয়েছেন। তবে ওই দিন আর তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো সম্ভব হয়নি। তিনি আরও জানান, গতকাল সোমবার মেয়েটির বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।