হাসপাতালের মুখে অবৈধ ৫০ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অবৈধ দোকান ও স্থাপনা। হাসপাতালে ঢোকার মুখে সিটি করপোরেশনের সড়ক এবং নালা দখল করে চার-পাঁচ বছর ধরে প্রায় ৫০টি দোকান তুলে ভাড়া দিয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এ কারণে হাসপাতালে ঢোকার মুখে বিড়ম্বনায় পড়তে হয় রোগী ও স্বজনদের।
স্থানীয় জাহাঙ্গীর আলম, আবদুর নূর, এ এম মাসুদসহ বিভিন্ন ব্যক্তি এসব দোকান নির্মাণ করে ভাড়া তুলছেন। আগে একবার দোকানগুলো উচ্ছেদ করা হয়েছিল। দোকান উচ্ছেদে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার আবেদন জানিয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। দিন দিন দোকানের সংখ্যা বাড়ছে।
দোকান নির্মাণ করে সেখানে ‘ভাড়া দেওয়া হবে’ উল্লেখ করে মোবাইল নম্বর দেওয়া হয়। ওই নম্বরে যোগাযোগ করা হলে নিজেকে দোকানের মালিক পরিচয় দেন আবদুর নূর নামের এক ব্যক্তি। আবদুর নূর প্রথম আলোকে বলেন, ‘সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে আমরা দোকান তুলে ভাড়া দিচ্ছি। এ জন্য কাউকে কোনো টাকাপয়সা দিতে হয় না। করপোরেশনের লোকজন এলে তাদের চা-পানি খাওয়াই। দোকানমালিকদের মধ্যে আওয়ামী লীগ-বিএনপি সবাই আছে। আমি বিএনপি করি।’
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের সামনে করপোরেশনের সড়ক এবং নালার ওপর কিছু সেমিপাকা, কিছু কাঁচা দোকান তোলা হয়েছে। হাসপাতালের সীমানা দেয়াল ঘেঁষে সড়কের দিকে তিন সারি পর্যন্ত দোকান নির্মাণ করা হয়েছে। সড়কের দুই পাশে সব মিলিয়ে ৫০টির বেশি দোকান হবে। দোকানের পাশে আবার ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে নালা।
দোকানের কারণে সড়কটি সরু হয়ে গেছে। হাসপাতালে ঢোকার মুখটিও সংকুচিত হয়ে পড়েছে। মেহেদি টেলিকমের মালিক এম এ মাসুদ বলেন, ‘আমি ছয় বছর ধরে এখানে দোকানদারি করছি। এই দোকানটি নিজে তুলেছি। এ জন্য কাউকে ভাড়া দিতে হয় না। তবে আমিও চাই দোকানগুলো তুলে দেওয়া হোক।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রথমে এক-দুটি দোকান করা হয়। এরপর আস্তে আস্তে দোকানের সংখ্যা বাড়তে থাকে। হাসপাতালের পরিচালক মো. নুরুল হক বলেন, ‘দোকানের জন্য এখন হাসপাতালে গাড়ি ঢোকা দায় হয়ে গেছে। কোনো গাড়ি ঘোরানো যায় না। আমাদের সীমানা দেয়াল থেকে রাস্তার দিকে তিন সারি পর্যন্ত দোকান করা হয়েছে। এলাকার প্রভাবশালী লোকজন এই বাণিজ্যের সঙ্গে জড়িত।’
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর বলেন, ‘করপোরেশনের রাস্তা দখল করে এসব দোকান উঠেছে। দিন দিন দোকানের সংখ্যা বাড়ছে। তারা কাউকে ভাড়াও দেয় না। আমি মেয়র মহোদয়কে লিখিতভাবে বিষয়টি জানিয়েছি। এদের উচ্ছেদ করা জরুরি।’