হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে গৃহকর্মী
গাইবান্ধা সদর হাসপাতালের ১৪ নম্বর শয্যায় পোড়া শরীর নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে গৃহকর্মী রুজিনা খাতুন (১৩)। জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেকরিরচর গ্রামের ওই গৃহকর্মী সাভারের এক বাসায় নির্যাতনের শিকার হয়। এই গৃহকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই গৃহকর্মীর পরিবার ও পুলিশ সূত্র জানায়, রুজিনার বাবা রফিকুল ইসলাম পেশায় দিনমজুর। রুজিনা স্থানীয় বিরাহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত। অভাবে তিন বছর আগে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। নয় মাস আগে রুজিনা প্রতিবেশী কদর সর্দারের মাধ্যমে সাভার পৌরসভার কর্মচারী রুবেল মিয়ার বাসায় কাজ নেয়। রুবেল ও তাঁর স্ত্রী শাহনাজ বেগম দুজনই চাকরিজীবী। তাঁরা প্রতিদিন বাসার দরজা-জানালা বন্ধ করে কর্মস্থলে যেতেন। বদ্ধ ঘরে থাকতে থাকতে রুজিনা হাঁপিয়ে ওঠে। একসময় সে কাজ করতে অস্বীকৃতি জানায়। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে রুজিনাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এমনকি পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। অত্যাচারে অতিষ্ঠ হয়ে ২ মে রুজিনা বাসা থেকে বেরোতে চায়। ক্ষিপ্ত হয়ে শাহনাজ তার শরীরে গরম পানি ঢেলে দেন। এতে রুজিনার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ওই দিন পাথর দিয়ে শাহনাজ তার মুখেও আঘাত করেন। এতে তার দুটি দাঁত ভেঙে যায়। এ সময় চিৎকার করলে ভাতের মাড়ে তার ডান হাত চেপে ধরা হয়। ফলে তার কবজির নিচের অংশ ঝলসে যায়। এ ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে তাকে বাসাতেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে আশপাশের লোকজন গত শনিবার তাকে উদ্ধার করেন। ওই লোকজন সাভার এলাকায় কর্মরত তার আত্মীয়ের হাতে তাকে তুলে দেন। রুবেল প্রভাবশালী হওয়ায় তার আত্মীয়স্বজনেরা সেখানে রুজিনার চিকিৎসা করাতে সাহস পাননি। তার আত্মীয়স্বজন ওই দিন তাকে গাইবান্ধায় নিয়ে আসেন। পরদিন গত রোববার তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন থেকে হাসপাতালের ১৪ নম্বর শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছে সে।
সদর হাসপাতালের আরএমও শাহীনুল ইসলাম মণ্ডল গতকাল দুপুের প্রথম আলোকে বলেন, রুজিনা আশঙ্কামুক্ত। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ নিয়ে রফিকুল গত সোমবার সুন্দরগঞ্জ থানায় মামলা করতে গেলে ঘটনাটি সাভার থানার অধীনে হওয়ায় তা এজাহার হিসেবে গ্রহণ করা হয়নি। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এজাহারটি সাভার থানায় পাঠিয়ে দেওয়া হয়। এজাহারে রুবেল, শাহনাজ ও কদর সর্দারকে আসামি করা হয়। রফিকুল বলেন, ‘আমরা গরিব মানুষ। তাই এখানে চিকিৎসা দিচ্ছি।’
এদিকে গতকাল বৃহস্পতিবার জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদসহ অন্য কর্মকর্তারা শিশু গৃহকর্মীকে হাসপাতালে দেখতে যান। রিকতু প্রসাদ বলেন, মহিলা পরিষদ থেকে আইনি সহায়তা দেওয়া হবে। সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বলেন, সাভার থানা-পুলিশ ওই দিন (৯ মে) রুবেলকে গ্রেপ্তার করে।