হাসপাতালের সামনে দ্বিতীয়বার হামলা
জখম গুরুতর না হওয়ায় প্রতিপক্ষের ওপর ফের হাসপাতালের সামনে এসে হামলা চালানোর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তির নাম সাইদ আলম (২৫)। তিনি রাজশাহী নগরের বিসিক এলাকার একটি অটোরিকশার দোকানের বিক্রয়কর্মী। তাঁর বাড়ি রাজশাহী নগরের মথুরডাঙ্গা এলাকায়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহত সাইদের বন্ধু রুহুল আমিন বলেন, তিনি বিকেল পাঁচটার দিকে সাইদের সঙ্গে এক রিকশায় যাচ্ছিলেন। তাঁরা যখন নগরের ষষ্ঠিতলা এলাকায় উপহার সিনেমা হলের সামনে পৌঁছান, সে সময় পেছন দিক থেকে একই অটোরিকশার দোকানের বিক্রয়কর্মী রাকিব (৩০) ও তাঁর লোকজন সাইদের ওপর হামলা চালান। হামলায় সাইদ আহত হলেও দৌড়ে পালিয়ে বাঁচেন। পরে তিনি সাইদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় হাসপাতালের সামনে রাকিব ১০-১২ জন লোক নিয়ে এসে ফের হামলা চালান। সাইদকে বাঁচাতে গিয়ে তিনিও আহত হন। তাঁর পায়েও জখম হয়েছে। পুলিশের একজন সার্জেন্ট ঘটনার সময় উপস্থিত ছিলেন। তিনি ওয়্যারলেস সেটে রাজপাড়া থানার পুলিশকে জানালে পুলিশ এসে ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যান।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, হামলাকারী রাকিব ছিনতাইকারী। এর আগে সাইদ ও রাকিবের মধ্যে ঝামেলা ছিল। তার জের ধরেই এই হামলা করা হয়েছে। প্রথমবার হামলার ঘটনা ঘটেছিল নগরের বোয়ালিয়া থানা এলাকায়। দ্বিতীয় হামলার ঘটনা ঘটেছে রাজপাড়া থানা এলাকায়। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।