হাসপাতালের সেপটিক ট্যাংকে গ্রেনেড, গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ সদর হাসপাতালের একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি গ্রেনেড ও ৪৭টি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে ট্যাংক পরিষ্কারের সময় এগুলো উদ্ধার করা হয়। এগুলো মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, বিকেল সোয়া তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ১২টি পিস্তলের এবং ৩৫টি স্বয়ংক্রিয় (এসএলআর) রাইফেলের গুলি। এগুলোর মধ্যে পাঞ্জাবের একটি মনোগ্রাম পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) খোরশেদ আলম বলেন, এগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে থাকতে পারে। পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত বলা যাবে। এগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের ফেলে যাওয়া বুলেট হতে পারে।