হাসান আজিজুল হককে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট কথাশিল্পী অধ্যাপক হাসান আজিজুল হককে গতকাল রোববার মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় তিনি নিজে
প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসান আজিজুল হক প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে একটি কল আসে। তবে কোনো নম্বর ওঠেনি। ফোনে বলা হয়, ‘আপনি নিজেকে চেঞ্জ (পরিবর্তন) করতে পারবেন?’ জবাবে হাসান আজিজুল হক পাল্টা প্রশ্ন করেন, ‘আমি কেন এই বয়সে নিজেকে পরিবর্তন করব?’ জবাবে ফোনের অন্য প্রান্ত থেকে বলা হয়, ‘যদি চেঞ্জ হতে না পারেন তাহলে প্রস্তুত থাকেন। আমরা আসছি।’ জবাবে হাসান আজিজুল হক বলেন, ‘আসেন, যা বলার সামনে এসে বলেন।’ জবাবে তখন বলা হয়, ‘ঠিক আছে, আমরা আসছি।’
হাসান আজিজুল হক বলেন, ‘কে বা কারা ফোন করেছে জানি না। সন্ধ্যা হয়ে যাওয়ায় আজ আর বের হব না। আগামীকাল (আজ সোমবার) থানায় জিডি করব।’
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক অধ্যাপক। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের কাছের চৌদ্দপাই এলাকায় বাস করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘বিষয়টি বিভিন্ন মাধ্যম থেকে শোনার পর পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।’