হাসানাতের ছেলের গুলিতে পা হারালেন যুবলীগ নেতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহর অস্ত্রের গুলিতে বরিশালের এক যুবলীগ নেতা আহত হয়েছেন। গত ৩০ জানুয়ারি রাতে কুয়াকাটা সৈকতের একটি হোটেলে এ ঘটনা ঘটেছে। গোপনীয়তার সঙ্গে ঢাকায় আনার পর রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসকেরা ব্যবসায়ীর গুলিবিদ্ধ একটি পা কেটে বাদ দিয়েছেন।
আহত ব্যবসায়ীর পরিবারের সদস্যরা এ ঘটনা সম্পর্কে কোনো কিছু বলতে রাজি হননি। তবে সাদেক আবদুল্লাহ গতকাল বুধবার প্রথম আলোকে বলেছেন, যে অস্ত্র থেকে গুলি হয়েছে, সেটি তাঁর লাইসেন্স করা। দুর্ঘটনাবশত এটি ঘটেছে। তবে ঘটনার পর ওই ব্যবসায়ীর চিকিৎসাসহ সবকিছু তিনি নিজেই দেখভাল করছেন। আহত ব্যবসায়ী তাঁর ঘনিষ্ঠ বলেও তিনি দাবি করেন।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে জানান, সাদিক আবদুল্লাহ বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী। দীর্ঘদিন ধরে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে শুক্রবার যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে কুয়াকাটা সমুদ্রসৈকতে যান। এ দলে আহত যুবলীগ নেতা নীরব হোসেন ওরফে টুটুলও ছিলেন। আহত নীরব বরিশাল মৎস্য আড়তদার সমিতির যুগ্ম সম্পাদক। তিনি নগরের নাজিরেরপুল এলাকার হারুন অর রশিদের ছেলে।
সাদিক আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, তাঁরা সিভিউ নামে একটি হোটেলে ওঠেন। একই কক্ষে নীরব ও অন্য একজন ছিলেন। ঘটনার সময় তিনি কক্ষে ছিলেন না। শটগানটি গুলিভর্তি অবস্থায় বিছানার ওপরে ছিল। তবে সেখানে কী হয়েছে তা তিনি জানেন না। সন্ধ্যার দিকে হঠাৎ কক্ষ থেকে গুলির শব্দ পান। গিয়ে দেখেন নীরবের বাঁ পায়ে গুলি লেগে রক্ত ঝরছে। এরপর দ্রুত নীরবকে প্রথমে পটুয়াখালী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চার ব্যাগ রক্ত দেওয়া হয়। এরপর রাতেই বরিশালে আনা হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনা তিনি বরিশাল পুলিশকে জানিয়েছেন বলে জানান।
তবে বরিশালের স্থানীয় সূত্র জানায়, আহত নীরব হোসেন টুটুলকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি না করে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। রাত সোয়া নয়টার দিকে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দেখানো হয়। সেখানে ভর্তি রেজিস্টারে লেখা হয়েছে, নীরব হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। কয়েকজন যুবক হাসপাতালের ভর্তি রেজিস্টারে তাঁর নাম লিপিবদ্ধ করেন। কিন্তু তাঁকে হাসপাতালে আনা হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য ক্লিনিক থেকেই ঢাকায় পাঠানো হয়। ঢাকায় প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকায় শ্যামলী রিং রোডে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই নীরব হোসেনের চিকিৎসা হচ্ছে।
জানতে চাইলে বরিশাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জহুরুল হক প্রথম আলোকে বলেন, নীরব হোসেনকে রাত সাড়ে নয়টা থেকে ১০টার দিকে ফেয়ার হেলথ ক্লিনিকে আনা হয়। তাঁর বাঁ পা ক্ষতবিক্ষত ছিল। পায়ের শিরাগুলো বিচ্ছিন্ন থাকায় দ্রুত তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
ঢাকায় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, শাহজাহান নামের এক ব্যক্তি নীরব হোসেনের চিকিৎসা দেখভাল করছেন। তিনি নীরবের মামা। হাসপাতালে দেওয়া নম্বর থেকে শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার ব্যাপারে তিনি কিছুই জানেন না। এ নিয়ে তাঁদের কোনো অভিযোগও নেই।
সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, দুদিন আগে নীরব হোসেনকে এ হাসপাতালে আনা হয়েছে। গত মঙ্গলবার তাঁর বাঁ পা কেটে বাদ দিতে হয়েছে।
হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা লে. কর্নেল (অব) নূর হোসেন প্রথম আলোকে বলেন, আহত নীরব হোসেন তাঁর আত্মীয়। সেই সুবাদে তাঁকে এখানে আনা হয়েছে। তিনি বলেন, শটগানের গুলিতে তাঁর এক পা কেটে বাদ দেওয়া ছাড়া উপায় ছিল না।
এ ধরনের ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার আগে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, পঙ্গু হাসপাতাল থেকে শেরেবাংলা নগর পুলিশকে জানানো হয়েছে।
জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল গণেশ বিশ্বাস প্রথম আলোকে বলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। থানাতেও কিছু জানানো হয়নি।