প্লট বরাদ্দে অনিয়মের মামলায় পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাসেমের ছেলে আশফাক আজিজকে (রুবেল) তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম তাঁকে ১৫ মার্চ দুদকে হাজির হতে নোটিশ পাঠান। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আশফাক আজিজ পারটেক্স গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদেরও সদস্য তিনি।
ওই মামলায় আশফাক আজিজের ভাই শওকত আজিজকে গ্রেপ্তার করেছিল দুদক। পরে শওকত জামিনে ছাড়া পান। দুদকের আপিলের শুনানি শেষে আজ রোববার আপিল বিভাগও তাঁর জামিন আদেশ বহাল রেখেছেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরীও একই দিন গ্রেপ্তার হন।
দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, মামলার তদন্তের প্রয়োজনে তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন। তদন্তের প্রয়োজনে তাঁকে তলব করে চিঠি পাঠানো হয়েছে।
প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি মধ্যরাতে আটজনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।
মামলার এজাহারে বলা হয়েছে, ইকবাল উদ্দিন চৌধুরী রাজউকের চেয়ারম্যান থাকাকালে ‘ক্ষমতার অপব্যবহার করে ও অবৈধ প্রভাব খাটিয়ে’ অন্যদের যোগসাজশে পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ ও আশফাক আজিজকে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা করে মোট ২০ কাঠা জমির দুটি প্লট বরাদ্দ দেন। অথচ তাঁরা ওই প্রকল্পে শিল্পপতি কোটায় প্লট বরাদ্দের আবেদন করে প্লট পাননি। সে কারণে ওই আবেদন প্রত্যাহার করে নিয়ে জামানতের টাকা তুলে নেন। পরে প্রথম পর্যায়ে বরাদ্দ না পাওয়াদের মধ্যে যাঁরা আবেদন প্রত্যাহার করেননি, তাঁদের মধ্যে আরও এক হাজার প্লট বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদন প্রত্যাহারকারীরা এ প্রক্রিয়ায় বিবেচনাযোগ্য না হলেও তা রাজউকের বিশেষ বোর্ড সভায় প্লট দেওয়ার জন্য ‘বেআইনি’ সিদ্ধান্তটি অনুমোদন করিয়ে নেওয়া হয় বলে এজাহারে বলা হয়। সে কারণে বোর্ডের সদস্যদেরও মামলায় আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন ইকবাল উদ্দিন চৌধুরী, রাজউকের সাবেক পাঁচজন সদস্য (বর্তমানে অবসরপ্রাপ্ত) এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক ও রেজাউল করিম তরফদার এবং দুই ভাই শওকত আজিজ ও আশফাক আজিজ।
মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিচালক মির্জা জাহিদুল আলমকে।
বিএনপি ঘরানার ব্যবসায়ী হিসেবে পরিচিত এম এ হাসেম ২০০১ সালের নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়ে সাংসদ নির্বাচিত হন। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি। এক বছর পর জামিনে মুক্তি পেয়ে দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। গত বছরের ডিসেম্বরে তিনি বিএনপি মহাসচিবকে চিঠি পাঠিয়ে পদত্যাগের কথা জানান।