হিজলা থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার অভিযোগে বরিশালের হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ও উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
গত বুধবার হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার বরিশালের অবকাশকালীন জেলা জজ আদালতে এই মামলা করেন। বিচারক মজিবুর রহমান মামলার তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, হিজলায় একটি হত্যা মামলার আসামি নজরুল ইসলাম গত ১১ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। ২৪ নভেম্বর ওসি শওকত আনোয়ার ও এসআই বজলুর রশিদ নজরুলের মা আনোয়ারা বেগমকে থানায় ডেকে পাঠান। আনোয়ারা বেগম থানায় গেলে তাঁরা এক লাখ টাকা ঘুষ দাবি করেন।
আনোয়ারা বেগম ওসিকে ৩৫ হাজার টাকা দেন ও বাকি টাকা পরে দেওয়ার আশ্বাস দেন। এতে ওসি ক্ষুব্ধ হয়ে নজরুলকে হিজলার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে এনে নজরুলকে অমানুষিক নির্যাতন করারও অভিযোগ করা হয় ওসির বিরুদ্ধে।