হিজলায় তরুণকে বাড়িতে আটকে রেখে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদের ছেলের বিরুদ্ধে মোছাদ্দেক সিকদার নামের এক তরুণকে বাড়িতে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। মোছাদ্দেককে গতকাল শনিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

মোছাদ্দেক (১৭) এবার হিজলা বন্দর কাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। সে ঢাকার একটি কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে পাশের মেহেন্দীগঞ্জ উপজেলার আজিমপুর গ্রামের কামাল সিকদারের ছেলে। অভিযোগ পাওয়া গেছে, চেয়ারম্যানের ছেলে তন্ময় সিকদারের সঙ্গে মোছাদ্দেকের ঘনিষ্ঠতা ছিল। তন্ময় হিজলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে উপজেলার নরসিংহপুর গ্রামের বাড়িতে মাকে নিয়ে থাকে। সে চাইত না মোছাদ্দেক ঢাকায় আসুক। এ নিয়ে মতবিরোধের জেরে সে মোছাদ্দককে সিগারেটের আগুনের ছ্যাঁকা ও চাকুর পোঁচ দেয়।

মোছাদ্দেকের মা মরিয়ম বেগম বলেন, তিনি ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় এবং তাঁর স্বামী কামাল হোসেন ব্যাংকে চাকরি করেন। তাঁদের একমাত্র সন্তান মোচ্ছাদেক বাড়িতে দাদির কাছে থেকে বিদ্যালয়ে পড়াশোনা করত। তন্ময়ও একই বিদ্যালয়ের এক ক্লাস ওপরে পড়ত। সেই সুবাদে দুজনের ঘনিষ্ঠতা। তন্ময় তাঁদের বাড়িতে আসত। মোছাদ্দেকও তন্ময়ের বাড়িতে যাতায়াত করত। ৩০ মে মোছাদ্দেককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তন্ময়। এরপর ছেলের সঙ্গে মুঠোফোনে তাঁর কথা হয়। তখন সে জানিয়েছিল ভালো আছে। কিন্তু তিন দিন ধরে মোছাদ্দেক ফোন ধরছিল না। গত শুক্রবার দুপুর ১২টায় তন্ময় মোটরসাইকেলে করে মোছাদ্দেককে গুরুতর আহত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে যায়। মোছাদ্দেকের দাদি নূরজাহান বেগম তাকে মুলাদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে চাইলে তন্ময় ভয়ভীতি দেখায়। পরে মোছাদ্দেককে বাড়ি নিয়ে আসেন। সেখানে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের সেবা নেন।

মরিয়ম বেগম আরও বলেন, তিনি খবর পেয়ে গত শুক্রবার ঢাকা থেকে বাড়ি ফিরে আসেন। ছেলের অবস্থা গুরুতর দেখে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করান। তিনি বলেন, মোছাদ্দেককে গোপনে এনে হাসপাতালে ভর্তি করায় তন্ময় তাঁদের বাড়ি গিয়ে পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে এসেছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-১-এর চিকিৎসা কর্মকর্তা এস এম মশিউল আজম বলেন, মোছাদ্দেকের শরীরে আগুনে পোড়ার অনেক ক্ষত রয়েছে। তার মাথায় আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক।

হিজলা থানার ওসি আ জা মো মাসুদুজ্জামান বলেন, ‘ঘটনা শুনেছি। কিন্তু আমার কাছে কেউ কোনো অভিযোগ দেননি।’

মুঠোফোনে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। গতকাল সকালে এলাকায় এসেছি। বিষয়টি শুনেছি। তবে কী কারণে আমার ছেলে ওকে মারধর করেছে, তা এখনো জানতে পারিনি।’