হিজলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা উপজেলার ইন্দুরিয়ায় যৌতুকের দাবিতে কুলসুম বেগম (২৪) নামের এক গৃহবধূকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
কুলসুম বেগম হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামের বাসিন্দা ফারুক ফকিরের মেয়ে এবং একই ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামের ইউসুফ শিকদারের স্ত্রী।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার প্রথম আলোকে বলেন, কুলসুম বেগমের ওপর নির্যাতনের ঘটনা সত্য। যৌতুকের দাবিতে স্বামী ইউসুফ শিকদার ও শ্বশুর হারুন শিকদার নির্যাতন করে হত্যা করেছেন এমন অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার লাশ উদ্ধার করে রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় কুলসুমের বাবা ফারুক ফকির বাদী হয়ে হিজলা থানায় হত্যা মামলা করেন। মামলায় কুলসুমের স্বামী ইউসুফ শিকদার, শ্বশুর হারুন শিকদারসহ ছয়জনকে আসামি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কুলসুম বেগমের বড় ভাই মো. আবুল বাশার অভিযোগ করেন, চার বছর আগে তাঁর বোনের বিয়ে হয়। সে সময় দুই লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়াও কিছু সোনার গয়না ও আসবাব দেওয়া হয়।
কিন্তু বিয়ের কিছুদিন পরই ইউসুফ শিকদার আরও অর্থ দাবি করেন। অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নানাভাবে নির্যাতন করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় পাঁচ-দশ হাজার করে টাকা দেওয়া হয়। তারপরও নির্যাতন থামেনি।
আবুল বাশার দাবি করেন, ‘কিছুদিন আগে আমার বাবা বোনকে স্বামীর বাড়ি থেকে আমাদের বাড়ি এনে রাখেন। ইউসুফ কুলসুমকে তাদের বাড়ি নিয়ে আবারও নির্যাতন চালায়। গত বৃহস্পতিবার আমার বাবা বোনকে আনতে যান। বোন আসতে চাইলেও তাকে আসতে দেয়নি। রাতে তাকে নির্যাতন করে হত্যা করা হয়। শুক্রবার সকালে তার মুখে কীটনাশক (বিষ) দিয়ে সে আত্মহত্যা করেছে বলে এলাকায় জানায় এবং পরে বাড়িতে খবর পাঠায়। আমরা গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’
পরে বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে গতকাল শনিবার কুলসুম বেগমের ময়নাতদন্ত শেষে রাতে হিজলা উপজেলার গ্রামের বাড়িতে লাশ পাঠানো হয়েছে। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটায় জানাজা শেষে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।