হিজড়া সেজে প্রতারণা, গ্রেপ্তার ২
সমাজসেবা দপ্তরের মাধ্যমে হিজড়াদের জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। এতে আর্থিকসহ বিভিন্ন সুযোগ রয়েছে। আর এই সুবিধা নিতে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণে অংশ নেন দুজন পুরুষ। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা ব্রাহ্মণডাঙ্গা মহল্লার আবদুল জব্বারের ছেলে মিলন আলী (৩০) ও আবদুস সামাদের ছেলে হেলাল উদ্দিন (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে জেলা শহরের অক্ট্রয় মোড়ে সমাজসেবা কার্যালয়ে। প্রশিক্ষণে হিজড়া সেজে মিলন আলী ও হেলাল উদ্দিন অন্য হিজড়াদের সঙ্গে অংশ নেন। সন্দেহ হলে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় তাঁদের প্রকৃত পরিচয় উদ্ঘাটন করেন সমাজসেবা দপ্তরের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রশিক্ষণস্থল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক তৌহিদুল ইসলাম বাদী হয়ে প্রতারণার অভিযোগে মামলা করেছেন।