হিজড়াদের হামলায় শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করে আহত করেছেন কয়েকজন হিজড়া। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রয় মোড় এলাকায় ওই শিক্ষকের বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তিন হিজড়াকে আটক করে থানায় নিয়ে যায়। 

হামলার শিকার শিক্ষক হলেন, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক কামাল হোসেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই শিক্ষকের স্ত্রী লীনা খাতুন সাংবাদিকদের বলেন, আজ বেলা দুইটার দিকে চারজন হিজড়া বাসায় গিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন। শিক্ষক কামাল তাঁদের সাড়ে আট শ টাকা দেন। কিন্তু তাতে সন্তুষ্ট হননি হিজড়ারা। তাঁরা তাঁদের চাহিদা অনুযায়ী টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। শিক্ষক কামাল এতে সাড়া না দেওয়ায় হিজড়ারা তাঁর শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিতে এগিয়ে গেলে হিজড়ারা শিক্ষক কামালকে বেধড়ক মারধর করে আহত করেন। খবর পেয়ে মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজন হিজড়াকে আটক করে। আরেকজন পালিয়ে যান।
মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান সাংবাদিকদের বলেন, শিক্ষক কামাল হাতে ও ঘাড়ে গুরুতর আঘাত পেয়েছেন। আটক হিজড়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।