হিজড়ার উপদ্রব বেড়ে গেছে
বেলা তিনটা। রিকশায় একজন ছেলে ও একজন মেয়ে বসা। সিগন্যালে রিকশা থামতেই লাল রঙের লিপস্টিক, কপালে কালো টিপ, কড়া মেকআপ করা এক হিজড়া রিকশার কাছে এসে টাকা দাবি করলেন। ছেলেটা পকেট থেকে টাকা বের করে দিতে বাধ্য হলেন। টাকা হাতে নিয়েই ওই হিজড়া ছুটে গেলেন একটি ব্যক্তিগত গাড়ির দিকে। সিগন্যাল ছাড়ার আগ পর্যন্ত অন্য যানবাহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক। কাছে এসে ধরলে টাকা না দিয়ে তো উপায় নেই। সিগন্যাল ছাড়লে একেকজন যেন হাঁফ ছেড়ে বাঁচলেন!
গতকাল বুধবার একজন হিজড়া আগারগাঁওয়ে এভাবেই টাকা তুলছিলেন। সিগন্যাল ছাড়ার পর রিকশার এক যাত্রী বেশ উচ্চ স্বরেই বললেন, ‘এই সিগন্যাল তো বাঁচলাম, সামনে আবার না আটকায়!’
যেসব সিগন্যালে হিজড়ারা দলবদ্ধ হয়ে টাকা তোলে, সেখানকার যাত্রীরা বেশি ভয়ে থাকে। হিজড়াদের উগ্র আচরণ, গায়ে হাত দেওয়াসহ বিব্রতকর পরিস্থিতি এড়াতে যাত্রীরা বাধ্য হয় টাকা দিতে। ঈদ সামনে রেখে হিজড়াদের টাকা তোলা শুধু সিগন্যালেই নয়, অফিস-আদালতেও চলছে। ঈদের বকশিশ না দেওয়া পর্যন্ত হিজড়ারা একেকটি অফিস প্রায় ঘেরাও করে রাখছে। এতে নগরবাসী আতঙ্কে থাকার পাশাপাশি বিরক্তও হচ্ছে। তবে হিজড়াদের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা নিরুপায় হয়েই যাত্রী বা অন্যদের জিম্মি করছে।
সরকার ২০১২ সালে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি কর্মসূচি হাতে নেয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচির প্রকল্প পরিচালক আবদুর রাজ্জাক হাওলাদার তাঁর অভিজ্ঞতার কথা উল্লেখ করে বললেন, বাসে এক হিজড়া টাকা চাইলে তিনি তাঁর পরিচয় বলেন। তাতে ওই হিজড়া রেগে বলেন, ‘টাকা দিবেন কি না কন, পরিচয় দিয়া কী করব?’
রাস্তায় টাকা তোলাসহ হিজড়াদের সার্বিক বিষয় জানিয়ে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গত মে মাসে পুলিশ কমিশনার বরাবর একটি চিঠি দেন।
দেশে হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে সঠিক তথ্য নেই। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর ২০১২ সালে এক জরিপে হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা ৯ হাজার ২৮৫ জন বলে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের একই সময়ে করা জরিপের হিসাবও বলছে, সংখ্যাটি নয় হাজারের কাছাকাছি। তবে এ সংখ্যা অনেক বেশি বলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।
সরকারের কর্মসূচি বর্তমানে চলছে ৬৪ জেলায়। ২০১৫-২০১৬ অর্থবছরে বরাদ্দ করা অর্থের পরিমাণ আট কোটি টাকা। এ অর্থবছরে মোট উপকারভোগীর সংখ্যা ৬ হাজার ৮১৬ জন। কর্মসূচির আওতায় প্রাথমিক থেকে উচ্চ স্তর পর্যন্ত শিক্ষাবৃত্তি, বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ শেষে ১০ হাজার টাকার অনুদান এবং ৫০ বছরের বেশি বয়সী এবং অক্ষম ও অসচ্ছল হিজড়াদের মাসিক ৫০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে।
রাজধানীতে একটি কলেজ থেকে এম এ পরীক্ষা দেবেন একজন হিজড়া। তিনি সরকারের কর্মসূচির আওতায় মাসিক এক হাজার টাকা করে শিক্ষাবৃত্তি পাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই হিজড়া প্রথম আলোকে বলেন, ‘পরিবার আমাকে ঘর ছাড়তে বাধ্য করে। নিজের থাকা, খাওয়া, পড়াশোনাসহ খরচ মেটানোর জন্য মিরপুর এলাকা থেকে টাকা তুলি।