হিন্দুপাড়ায় হামলার ঘটনায় বাদীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় ‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার অভিযোগে ছোট পাথরা গ্রামের হিন্দুপাড়ায় হামলার ঘটনায় মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কেশবপুর প্রেসক্লাবে আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মামলার বাদী সুকুমার দাস।

সংবাদ সম্মেলনে সুকুমার দাস অভিযোগ করেন, গত রোববার রাতে হামলার ঘটনায় ওই রাতেই ২৫ জনের নাম উল্লেখসহ ৪৫ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা করেন তিনি। এরপর থেকে মামলার আসামিরা তাঁকে হুমকি দিচ্ছে। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, হুমকির ব্যাপারে কেউ কিছু জানায়নি। এলাকায় এখনো পুলিশ টহল দিচ্ছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গত রোববার ‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার অভিযোগ তুলে ছোট পাথরা গ্রামের হিন্দুপাড়ায় হামলা চালানো হয়। এ সময় সুকুমার দাস, সনজিৎ দাস, অসিম দাস, নারায়ণ দাসের বাড়ির আসবাব ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলে পরিচিত মনোয়ার হোসেন জয়ী হন। তাঁর মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের বিশ্বাসের সঙ্গে। কাদের বিশ্বাসকে ‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার অভিযোগে পরের দিন রোববার মনোয়ার হোসেনের কর্মী-সমর্থকেরা হিন্দুপাড়ায় ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মনোয়ার হোসেনের ছেলে খালিদ হোসেন এবং সঙ্গী হামজা নুরের নেতৃত্বে ৫০-৬০ জন জোট হয়ে ছোট পাথরা গ্রামের হিন্দুপাড়ায় হামলা চালান। তাঁরা সুকুমার দাসের বাড়িতে হামলা করেন। ‘নৌকা করেছিস কেন’ বলে বাড়ির লোকদের ওপর লাঠি, রামদা, রড নিয়ে হামলে পড়েন। বাড়ির লোকজন কোনো রকমে পালিয়ে পাশের বাগানে আশ্রয় নিয়ে জীবন বাঁচান। হামলাকারী একপর্যায়ে ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর করেন। ঘরের টেলিভিশন, টেবিল ফ্যান, টেবিল ল্যাম্প, শোকেসসহ সব আসবাব ভেঙে ফেলেন। এ সময় হামলাকারীরা আরও কয়েকটি বাড়িতে হামলা চালান।

এ ব্যাপারে মনোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।