হিন্দুবাড়িতে অগ্নিসংযোগের মামলায় আরও গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় করা মামলাগুলোতে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত মধ্যরাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত ৯১ জনকে গ্রেপ্তার করা হলো।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রথম আলোকে বলেন, গত ৩০ অক্টোবরের হামলার পর নাসিরনগরে তিন দফায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ ১৩ নভেম্বর ভোররাতে পশ্চিমপাড়ার চেংড়াপাড়া মহল্লার ছোট্টু লাল দাসের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে নতুন ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, এ পর্যন্ত নাসিরনগর থানায় এসব ঘটনায় ছয়টি মামলা হয়েছে।

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলার ঘটনায় ঘটে। ৪ নভেম্বর উপজেলা সদরে পুলিশি নিরাপত্তার মধ্যে পাঁচটি ঘর ও একটি মন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এরপর ৬ নভেম্বর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেবের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। সর্বশেষ ব্যাপক নিরাপত্তার মধ্যেও ১৩ নভেম্বর ভোরে পশ্চিমপাড়ার চেংরাপাড়া মহল্লার ছোট্টু লাল দাসের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে একটি পারিবারিক মন্দির ও সাতটি ঘর পুড়ে যায়।

পুলিশের বরাত দিয়ে ৯ নভেম্বর প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, যে ছবিকে (রসরাজ দাসের ফেসবুক থেকে ২৮ অক্টোবর পোস্ট করা) নিয়ে উত্তেজনা, সেই ছবিটি আরও আগেই পোস্ট করা হয়েছিল। ওয়াসিম বিডি নামের একটি আইডি থেকে ২৭ অক্টোবর সকাল ৭টা ৩২ মিনিটে ছবিটি পোস্ট করা হয়। ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ওই আইডি থেকে আরও ২০ থেকে ২৫ বার ওই ছবি পোস্ট করা হয়েছে।
এ বিষয়ে তখন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল করিম বলেছিলেন, ‘ওই আইডি থেকে আগেও আরও বিদ্বেষমূলক ছবি পোস্ট করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।’