হিমছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা
কক্সবাজারের হিমছড়ি জাতীয় উদ্যানের পর্যটনপল্লিতে বন বিভাগের জমি দখল করে গড়ে তোলা দোকান উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক।
পুলিশ ও বন বিভাগ সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালত হিমছড়ি ঝরনা স্পটের কাছে বনভূমিতে তৈরি করা ১৫টি দোকানঘর উচ্ছেদ করেন। এ সময় অস্ত্রধারীরা বাধা দেয়। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট, বন কর্মকর্তাসহ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা পাশের পাহাড়ে আশ্রয় নেন। অস্ত্রধারীরা হিমছড়ি বাজারের বিভিন্ন দোকানে লুটপাট চালায়।
বন বিভাগ সূত্র জানায়, হামলাকারীরা উচ্ছেদকৃত মালামালবোঝাই দুটি ট্রাক ছিনিয়ে নেয়। হিমছড়ি ঝরনার কাছে বন বিভাগের কয়েকটি স্থাপনা তারা ভাঙচুর করে এবং দুই বন প্রহরীকে ধরে নিয়ে যায়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, উচ্ছেদ অভিযান শেষ করে কক্সবাজারে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
এ বিষয়ে হিমছড়ি বন বিট কর্মকর্তা হান্নানুজ্জামান বলেন, ১২ সেপ্টেম্বর রাতে ভূমিদস্যুরা হিমছড়ি জাতীয় উদ্যানের বনভূমি দখল করে ১৫টি দোকানঘর নির্মাণ করে। ঈদের ছুটি থাকায় তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হয়নি।
গতকাল ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের সহযোগিতায় অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালানোর সময় ভূমিদস্যুরা হামলা চালায়। এতে পাঁচ বনকর্মীসহ অন্তত ২০ জন পথচারী আহত হয়েছেন। ধরে নিয়ে যাওয়া দুই বনকর্মীকে সন্ধ্যায় র্যাব উদ্ধার করেছে।
রামুর খুনিয়াপালং ইউপি সদস্য কামাল হোসেনের নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ করেছেন বন কর্মকর্তারা। অবশ্য এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. আলী কবির বলেন, বনভূমি দখলমুক্ত করতে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। এ সময় অস্ত্রধারী ভূমিদস্যুরা অতর্কিত হামলা চালায়।
এদিকে দোকান উচ্ছেদের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় হিমছড়ি বাজারে প্রতিবাদ সমাবেশ করেছে হিমছড়ি দোকান মালিক সমিতি। এতে বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম প্রমুখ।
হিমছড়ি দোকান মালিক সমিতির সভাপতি ও রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ বলেন, হিমছড়ি পর্যটনপল্লিতে সরকারি খাসজমি ইজারা নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানপাট নির্মাণ করেছেন। বনকর্মীরা দোকানদারদের কাছে ঘুষ চান বলে তিনি অভিযোগ করেন। ঘুষ না পাওয়ায় বন বিভাগ সেখানে উচ্ছেদ অভিযান চালায় বলে তিনি দাবি করেন।
হিমছড়িতে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।