হিমাগারে মিলল ৮৫ টন মেয়াদোত্তীর্ণ খেজুর ও কিশমিশ
চট্টগ্রামের কোতোয়ালি থানার চৈতন্যগলি এলাকায় একটি হিমাগারে অভিযান চালিয়ে ৮৫ টনেরও বেশি মেয়াদোত্তীর্ণ খেজুর ও কিশমিশ জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার ‘ইএটিসি কোল্ড স্টোরেজ’ নামের হিমাগার থেকে এসব পণ্য জব্দ করা হয়।
মেয়াদোত্তীর্ণ এসব পণ্য শনাক্ত হওয়ার পর সেখানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় হিমাগারের ব্যবস্থাপক এস কে দত্তকে ৫০ হাজার টাকা ও এক বছরের কারাদণ্ড এবং তিন কর্মচারী দোলন বড়ুয়া, মাহবুবুর রহমান ও নাজিমুদ্দিনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত তিন কর্মচারী পণ্যের মালিকপক্ষের।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মেয়াদোত্তীর্ণ খেজুর ও কিশমিশের প্যাকেটে নতুন তারিখ সংবলিত স্টিকার বসিয়ে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল অসাধু ব্যবসায়ীরা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসব পণ্য ও স্টিকার জব্দ করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত হিমাগারটি সিলগালা করে দেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।
আশরাফুল আলম প্রথম আলোকে জানান, হিমাগারে নয়জন মালিকের খেজুর ও কিশমিশসহ বিভিন্ন পণ্য রয়েছে। এর মধ্যে নুরুল আলম চৌধুরীর নামে রাখা খেজুর ও খান জাহান আলীর নামে রাখা কিশমিশগুলো মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। প্রাথমিকভাবে ৬ হাজার ৪০০ কার্টনের খেজুর এবং ২ হাজার ৬৫ কার্টনের কিশমিশ মেয়াদোত্তীর্ণ শনাক্ত হয়েছে। এর বাইরে আরও দুই হাজার কার্টনের খেজুর মেয়াদোত্তীর্ণ রয়েছে। তবে যাচাই-বাছাই করার পর মেয়াদোত্তীর্ণ খেজুর ও কিশমিশের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খেজুরের প্রতি কার্টনে ১০ কেজি এবং কিশমিশের প্রতি কার্টনে সাড়ে ১০ কেজি পণ্য রয়েছে। এ হিসেবে ৬৪ টন খেজুর ও ২১ টন কিশমিশ মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। তবে পুরো যাচাই-বাছাই হলে এর পরিমাণ আরও বাড়তে পারে বলে জানা গেছে।
ম্যাজিস্ট্রেট জানান, খেজুরের প্যাকেটে উৎপাদনের মূল তারিখ ছিল ২০১৪ সালের ১ মে। মেয়াদ ছিল এক বছর। এই তারিখ পরিবর্তন করে নতুন স্টিকার বসানো হয়, যেখানে তারিখ লেখা ছিল ২০১৪ সালের ১ সেপ্টেম্বর। অভিযানে এই নতুন বানানো স্টিকারগুলোও জব্দ করা হয়। কিশমিশের প্যাকেটে তিন দফায় তারিখ পরিবর্তন করে স্টিকার লাগানো হয়।
অভিযানের সময় হিমাগারের কর্মচারীরা জানায়, গত বছরের ২২ জুলাই নুরুল আলম নামে এক ব্যক্তি ১৩ হাজার ৩২৯ কার্টন খেজুর আমদানি করে এই হিমাগারে সংরক্ষণ করেছিলেন। এ বছরের ৩১ মে পর্যন্ত খেজুরগুলো রাখার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পণ্যের মালিকপক্ষ সব খেজুর নিয়ে যায়নি।