হিযবুত তাহরীরের এক 'বিভাগীয় সমন্বয়কারী' আটক
রাজশাহীতে মাহমুদুর রশীদ অভি (২৬) নামের এক যুবককে আজ বুধবার আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পুলিশের দাবি, অভি হিযবুত তাহরীরের রাজশাহী বিভাগের সমন্বয়কারী।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রাজশাহী জেলা ও মহানগরের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বলেছেন, অভির কাছ থেকে উসকানিমূলক লিফলেট, পাঁচটি মুঠোফোন, একটি পেনড্রাইভ ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
হুমায়ুন কবির বলেছেন, অভি রাজশাহীর উদয়ন ডেন্টাল কলেজের শেষ বর্ষের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম চালাচ্ছিলেন তিনি।
আজ রাজশাহী নগরের ভদ্রা এলাকায় পিবিআইয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তাদের ঢাকা ও রাজশাহী কার্যালয়ের সমন্বিত একটি দল অভিযান চালিয়ে নগরের তেরখাদিয়ার নিজ বাড়ি থেকে অভিকে আটক করেছে।
হুমায়ুন কবির দাবি করেন, হিযবুত তাহরীর গত ৪ সেপ্টেম্বর একটি অনলাইন সম্মেলন করেছে। উদ্ধারকৃত লিফলেটগুলো ওই সম্মেলনের আগে বিলি করা হয়েছিল। ওয়েসাইটে এবং ফেসবুকে তারা দেশের রাষ্ট্রপ্রধানকে হেয় করে অনেক মানহানিকর কথা লিখেছে। জঙ্গি সংগঠন আইএসের কাজের সঙ্গে তাদের অনেক মিল রয়েছে। তাদের ডিভাইসে যে ধরনের সব তথ্য পাওয়া গেছে, আইএসের সঙ্গে তার অনেক মিল রয়েছে। গত ছয় মাস ধরে নজরদারি পর তাকে আটক করা সম্ভব হয়ছে।
আজ রাতে রাজপাড়া থানায় সোপর্দ করে অভির বিরুদ্ধে আইসিটি আইনে ফৌজদারী মামলা করা হবে বলে জানান হুমায়ুন কবির।