হিযবুত তাহ্রীরের কর্মী দুদিনের রিমান্ডে
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের কর্মী সন্দেহে গ্রেপ্তার মহিবুল আলম নামের এক যুবককে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, রাউজান থানার সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার মহিবুল আলমকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এ ছাড়া জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের (ফাঁসি কার্যকর হওয়া) সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার দুই অনুসারী জুলফিকার আলী ও মো. আলাউদ্দিনকে তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (উত্তর) মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডের মসজিদ্দা এলাকা থেকে জুলফিকার আলী (৪০) ও মো. আলাউদ্দিন (৩১) নামের দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অনুসারী। বাংলা ভাই ২০০১ সালে সীতাকুণ্ডে এসে তাঁদের নিয়ে বৈঠক করেছিলেন। আলাউদ্দিন ১০ বছরের সাজা এবং জুলফিকার আলী ছয় বছরের সাজা শেষ করে বছর খানেক আগে কারাগার থেকে মুক্তি পান। তাঁদের বিরুদ্ধে নগরের কোতোয়ালি, পাঁচলাইশসহ বিভিন্ন থানায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনের মামলা রয়েছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান আরও বলেন, নগরের বায়েজীদ বোস্তামী থানার শেরশাহ কলোনি এলাকায় রাউজান থানার পুলিশ অভিযান চালিয়ে মহিবুল আলম (২৬) নামের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের এক কর্মীকে গ্রেপ্তার করে। পরে স্বীকারোক্তি আনুযায়ী তাঁর গ্রামের বাড়ি রাউজানের ইয়াছিননগরে অভিযান চালিয়ে ৬৭৫টি সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়। ২০১৩ সালে পাঁচলাইশ থানার একটি সন্ত্রাস দমন আইনের মামলায় বছর খানেক আগে জামিনে বেরিয়ে আসেন মহিবুল। তিনি নগরের বেসরকারি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এলএলবির ছাত্র।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ জানান, গ্রেপ্তার মহিবুলকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। জামিনে মুক্তির পর নগর ও জেলায় আবারও গোপনে হিযবুত তাহ্রীরের পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন তিনি।