হিযবুত তাহ্রীরের রাজশাহী 'বিভাগীয় সমন্বয়কারী' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মাহমুদুর রশীদ অভি নামের এক যুবককে গতকাল বুধবার ভোরে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পুলিশের দাবি, অভি হিযবুত তাহ্রীরের রাজশাহী বিভাগের সমন্বয়কারী।
পিবিআইয়ের রাজশাহী জেলা ও মহানগরের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবির বলেছেন, অভির (২৬) কাছ থেকে উসকানিমূলক প্রচারপত্র, পাঁচটি মুঠোফোন, একটি পেনড্রাইভ ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
এএসপি হুমায়ুন কবির আরও বলেন, অভি রাজশাহীর উদয়ন ডেন্টাল কলেজের শেষ বর্ষের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের কার্যক্রম চালাচ্ছিলেন তিনি।
গতকাল বিকেলে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় পিবিআইয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তাদের ঢাকা ও রাজশাহী কার্যালয়ের সমন্বিত একটি দল অভিযান চালিয়ে নগরের তেরখাদিয়ার নিজ বাড়ি থেকে অভিকে আটক করেছে।
হুমায়ুন কবির বলেন, হিযবুত তাহ্রীর ৪ সেপ্টেম্বর একটি অনলাইন সম্মেলন করে। ওই সম্মেলনের আগে প্রচারপত্র বিলি করা হয়েছিল। অভির বাড়ি থেকে উদ্ধার করা প্রচারপত্রগুলো একই ধরনের। ওয়েবসাইটে ও ফেসবুকে তাঁরা দেশের রাষ্ট্রপ্রধানকে হেয় করে অনেক মানহানিকর কথা লিখেছেন। তাঁদের ডিভাইসে যে ধরনের তথ্য পাওয়া গেছে, তাতে দেখা যায় যে আইএসের সঙ্গে অনেক মিল রয়েছে। ছয় মাস ধরে নজরদারির পর অভিকে আটক করা সম্ভব হয়েছে।