হিযবুত তাহ্রীরের সন্দেহভাজন দুই সদস্য আটক
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সন্দেহভাজন দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম বলেন, গত রোববার বিকেলে রাজধানীর দক্ষিণখানের আইনুসবাগ মসজিদ থেকে হিযবুত তাহ্রীরের ওই দুই সদস্যকে আটক করা হয়। এঁরা হলেন আলতামাস আহম্মেদ ওরফে বাবু ও জানে আলম ওরফে রুবেল। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, আগামী ৪ সেপ্টেম্বর তাঁরা অনলাইনে একটি সম্মেলনের আয়োজন করেছে। সে জন্য প্রচারণার কাজ করছিলেন তাঁরা। একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে অনেক সদস্য একসঙ্গে যুক্ত হয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিকে হিযবুত তাহ্রীর অনলাইন সম্মেলন হিসেবে বলছে।
উপকমিশনার বলেন, আটক দুজনের কাছ থেকে বেশ কিছু জিহাদি ম্যাগাজিন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। এ সময় সেখান থেকে হিযবুতের তাহ্রীরের আরেক সদস্য পালিয়ে যান। তিনি চিকিৎসক। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ব্যাগে তল্লাশি করে তাঁর পরিচয়পত্র পাওয়া যায়।
ডিবি কর্মকর্তা নাজমুল আরও বলেন, হিযবুত তাহ্রীরের কার্যক্রম প্রতিরোধে পুলিশ নজরদারি করছে। অনলাইন সম্মেলনের বিষয়েও নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।