হিযবুত তাহ্রীরের আরেক সদস্যের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের আরেকজন সদস্য যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁর নাম ফকরুল আলম ওরফে তুষার (২১)। তিনি যশোর সদর উপজেলার আরবপুর এলাকার বাসিন্দা। যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে এ বছর তিনি ডিপ্লোমা পাস করেছেন।

আজ রোববার দুপুরে যশোরের পুলিশ সুপারের সভাকক্ষে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ জামান সাংবাদ ব্রিফিং করে এসব তথ্য জানান।
এ সময় ফকরুলকেও সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

১১ আগস্ট হিযবুত তাহ্‌রীরের আরও তিনজন সদস্য যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তাঁরা হলেন যশোর শহরের খোলাডাঙ্গা কদমতলা এলাকার শফিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইয়াসির ওরফে সজল (৩২), একই এলাকার এ কে এম শরাফত মিয়ার ছেলে মেহেদি হাসান ওরফে পাশা (২০) ও ধর্মতলা মোড়ের আবদুস সালামের ছেলে রায়হান আহমেদ (২০)। এঁদের মধ্যে সাদ্দাম ইয়াসির সংগঠনের ‘মোশরেক’ ও অপর দুজন ‘শাবাব’ পদধারী। ফকরুলও শাবাব পর্যায়ের সদস্য বলে পুলিশ জানায়।

আগে আত্মসমর্পণকারী রায়হান আহমেদ হলেন ফকরুলের মামাতো ভাই। মূলত ওই রায়হানের মাধ্যমেই ফকরুল হিযবুত তাহ্‌রীরের সঙ্গে যুক্ত হন।

ফকরুল আলম সাংবাদিকদের বলেন, ‘বছর দুই আগে শহরের ধর্মতলা মোড়ের একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় মামাতো ভাই রায়হানের মাধ্যমে হিযবুত তাহ্‌রীরের সঙ্গে পরিচয় ঘটে। প্রায় ছয় মাস ধরে তাঁদের সঙ্গে ধর্মীয় নানা বিষয়ে আলাপ হয়। সংগঠনের অন্য নেতাদের তেমন চেনা নেই। তবে আত্মসমর্পণকারী অপরজন সাদ্দাম ইয়াসির ওরফে সজল হিযবুত তাহরীরের একজন নেতা সেটি জানতাম।’

কেন আত্মসমর্পণ করছেন, জানতে চাইলে ফখরুল বলেন, ‘তাঁরা (সংগঠনের অনুসারীরা) দেশের আইন বা শাসনপদ্ধতি মানে না, ইসলামি হুকুমত প্রতিষ্ঠা করতে চায়; যা আমার কাছে ভুল মনে হয়েছে। সে কারণে আমি আত্মসমর্পণ করছি। তা ছাড়া রাষ্ট্র আমাদের সঠিক পথে আসার সুযোগ করে দিয়েছে, সেটিও একটি কারণ।'

ব্রিফিংয়ে ডিআইজি এস এম মনির-উজ জামান বলেন, ‘দেশব্যাপী জঙ্গি-সন্ত্রাসী তৎপরতার নেতিবাচক দিক, তাদের প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের মনোভাব ইত্যাদি কারণে নিজেদের ভুল বুঝতে পেরে এবং অনুতপ্ত হয়ে ফকরুল আত্মসমর্পণ করেছেন। যেহেতু এই তরুণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছেন, সে কারণে তাঁর বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হবে। একই সঙ্গে তার পুনর্বাসনে ব্যবস্থা নেওয়া হবে।’

বিফ্রিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রমুখ।