হিযবুত তাহ্রীরের তিন সদস্য শ্রীঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের তিন সদস্য গত বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতেই ওই তিন সদস্যের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়। এতে তাঁদের সহযোগী হিসেবে আরও চারজনকে আসামি করা হয়েছে।

ওই তিন সদস্য হলেন যশোর শহরের খোলাডাঙ্গা কদমতলা এলাকার সাদ্দাম ইয়াসির (৩২), মেহেদী হাসান (২০) ও শহরের ধর্মতলা মোড় এলাকার রায়হান আহমেদ (২০)। তাঁদের সহযোগী সদস্যরা হলেন ঢাকার উত্তরা এলাকার মুসাব্বির, ঢাকার দক্ষিণখানের হারেজ আলী, যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার মহিউদ্দিন ও আরবপুর এলাকার ফকরুল আলম।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, এই তিন তরুণকে গতকাল দুপুরে যশোর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই তিন তরুণের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারবিরোধী বই ও প্রচারপত্র ছাপিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় সারা দেশে সাঁড়াশি অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই প্রেক্ষাপটে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। অপরাধের ধরন বুঝে পুলিশ তাঁদের আইনি সহায়তা দেবে বলে আশ্বাস দিয়েছে। তবে তাঁদের সহযোগী সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।