হিযবুত তাহ্রীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ ছাত্র বহিষ্কার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নূরে আলম মো. সিহাব উদ্দিন ও মো. সাইদি হাসান এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তারিকুল ইসলাম, নকিব ফারহান ও মো. আলমগীর হোসেন। এর মধ্যে নূরে আলম সূর্যসেন হলের এবং বাকি চারজন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী।
বহিষ্কৃতদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ব্যবসায় শিক্ষা অনুষদের শ্রেণিকক্ষে শিক্ষকদের কক্ষে গিয়ে হিযবুত তাহ্রীরের প্রচারণামূলক লিফলেট ও সিডি বিতরণ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিফলেট বিতরণের দৃশ্যটি অনুষদ ভবনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়ে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এ জন্য প্রক্টরিয়াল বিধি ৫ (২) ধারা অনুযায়ী ওই পাঁচ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, গত মাসের শেষ দিকে সিহাব ও সাইদির লিফলেট বিতরণের ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। দুই দিন আগে একই ধরনের ঘটনা ঘটে। তাঁদের কাউকে আটক করা হয়নি। কারণ দর্শাতে বলা হয়েছে। কেউ যদি সঠিক কারণ দেখাতে না পারে তাহলে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে।